মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে না; বরং উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে। খবর আলজাজিরার। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ সতর্কবার্তা দেন আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জবাবে চো হিউন আশ্বস্ত করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে অংশ নেওয়ার কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। এ ছাড়া মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই সিউলের।
ফোনালাপে আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
এর আগে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, তারা সোমালিয়ার উপকূলে নিজেদের জলদস্যুবিরোধী টহল কার্যক্রম আরও বিস্তৃত করে হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাত দেশটির জ্বালানি সরবরাহ ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
