শীতকালে গোসলের যে ভুলে হতে পারে হার্ট অ্যাটাক

প্রতিবেদন:

·

,

শীতকালে আরামের জন্য অনেকে গরম পানি দিয়ে গোসল করেন। কেউ কেউ আবার ঝরঝরে অনুভূতি পেতে ঠান্ডা পানি দিয়েই গোসল করতে পছন্দ করেন। বিশেষ করে শীতকালে ঠান্ডা পানিতে গোসল করাকে অনেকে গর্বের বিষয় মনে করেন। কিন্তু এতেই হতে পারে বড় বিপদ।

শীতে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এ বিষয়ে বাড়তি সতর্কতা দরকার।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ঠান্ডা পানির সংস্পর্শে এলে শরীরের রক্তনালি সংকুচিত হয়ে যায়। এতে রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল শুরু করলে শরীরে একধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, একে ‘কোল্ড শক রেসপন্স’ বলা হয়। এ সময় শরীরের ত্বকের রক্তনালিগুলো সংকুচিত হয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত সরবরাহ বজায় রাখতে হৃদযন্ত্র দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে।

এর ফলে রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যায়।

একই সঙ্গে শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় ও শরীরে কাঁপুনি দেখা দিতে পারে। হঠাৎ করে শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। এই আকস্মিক পরিবর্তন হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

বিশেষ করে যাদের ধমনিতে ব্লক, উচ্চ রক্তচাপ বা হৃদস্পন্দনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঠান্ডা পানির এই প্রতিক্রিয়া ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত চাপের কারণে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আশঙ্কাও থাকে।

ঝুঁকি সত্ত্বেও ঠান্ডা পানিতে গোসলের কিছু সম্ভাব্য উপকারিতা নিয়েও গবেষণা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের বিপাকীয় কার্যক্রমে সাময়িক পরিবর্তন হতে পারে। এতে শরীরের শক্তি ব্যয় বেড়ে যায়।

নেদারল্যান্ডসে একটি ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, নিয়মিত ঠান্ডা পানিতে গোসলের কারণে প্রায় ২৯ শতাংশ মানুষের অসুস্থতার ঝুঁকি কমেছিল। তবে তার মানে এই না যে ঠান্ডা পানিতে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা সব ধরনের অসুস্থতা থেকে সুরক্ষা পাওয়া যায়।

ঠান্ডা পানিতে গোসলেরও কিছু উপকারিতা আছে, তবে শরীর বুঝে তবেই তা অনুসরণ করতে হবে। সবার জন্য এটি নিরাপদ না। বিশেষ করে হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের অভ্যাস অনুসরণ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শীতকালে গোসলের সময় হঠাৎ অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি ব্যবহার না করে স্বাভাবিক বা হালকা কুসুম গরম পানি বেছে নিন।

গোসলের শুরুতেই মাথায় পানি ঢালবেন না। হাত-পা ভিজিয়ে ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে পানি দেবেন। এতে শরীরকে পানির তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে, তাদের অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা উচিত না। গোসলের সময় বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা দিলে দ্রুত গোসল বন্ধ করে চিকিৎসা নিতে হবে।

শীতকালে ঠান্ডার কারণে রক্তনালি সংকুচিত হতে পারে। এ সময় হৃদযন্ত্র সুস্থ রাখতে কয়েকটি অভ্যাস মেনে চলুন। যেমন-

• নিয়মিত হালকা ব্যায়াম ও শরীরচর্চা করুন।

• ঠান্ডা থেকে বাঁচতে পর্যাপ্ত গরম পোশাক পরুন।

• অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে সুষম খাবার খান।

• পর্যাপ্ত পানি পান করুন।

• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করুন।

• রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। • হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঠান্ডা পানিতে গোসলের অভ্যাস করবেন না।

শীতের সময় গোসলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের সহনশীলতা বিবেচনা করা।