স্বাস্থ্য খাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী

প্রতিবেদন:

·

,

চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসন—এই তিন পক্ষের পারস্পরিক আস্থা ও সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ এবং ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমাদের এই আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। অভিযোগ প্রমাণের আগেই গণমাধ্যমে চটকদার বা নেতিবাচক শিরোনাম করলে পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়। আবার হাসপাতালের ভেতরের সমস্যা সমাধানে বৈঠক ও গঠনমূলক আলোচনাই সবচেয়ে কার্যকর।

স্বাস্থ্য খাতের বর্তমান পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ড. মুহিত জানান, ইতোমধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতির কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণ স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এই ডিজিটাল সেবা পুরোপুরি চালু হবে। এতে রোগীদের আর ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হবে না এবং দালালদের দৌরাত্ম্যও কমবে।

এ ছাড়া বিগত সময়ে নির্মিত হয়ে পড়ে থাকা পরিত্যক্ত ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ড. মুহিত।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে। পাশাপাশি আগামী ১৩ তারিখ থেকে দেশব্যাপী নতুনভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সহ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।

এদিকে, বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটি’র চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশের আই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করা হবে। একই সঙ্গে সচেতনতা বাড়িয়ে মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে হবে।তিনি বলেন, চক্ষুসংক্রান্ত রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য সব সময়ই তার দীর্ঘ গবেষণা ও শিক্ষকতার আগ্রহের জায়গা। দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও অন্যতম বড় কারণ ছিল। ২০-৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ অনেক বেশি ছিল। তবে সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরুর পর থেকে এ ধরনের অন্ধত্বের বিরাট অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ হলো চোখের সংক্রমণ ও আঘাত।ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর ভেতরে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন আছেন এবং এর মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করছেন। তবে দাতা কর্নিয়ার অভাবে বেশিরভাগ প্রতিস্থাপন বিদেশ থেকে আমদানি করা কর্নিয়ার ওপর নির্ভরশীল, যা রোগীদের জন্য ব্যয়বহুল ও জটিল।