অভিনেতা সোহেল খান হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শোকের সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত স্মৃতি। কারণ, সোহেল খানের অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নির্মাতার। ফারুকীর নির্মাণেই নতুনভাবে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা।
সোহেল খান নিজেও একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ফারুকী তাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে নির্মাতা ছিলেন বেশ কঠোর। বয়সে ছোট হলেও অভিনয়ের প্রয়োজনে ফারুকীর কাছে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে এসব নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।
সোহেল খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান।’
প্রসঙ্গত, ফারুকীর হাত ধরে অভিনয়ে আসার পর বহু নাটকে অভিনয় করেন তিনি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
সর্বশেষ, ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান। সেখানে তাকে দেখা গেছে একটি গ্যারেজের মালিকের চরিত্রে।
