বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আবদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহাত সাইফুল। দুজনই ২৪৬টি করে ভোট পেয়েছেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সাধারণ সভার কার্যক্রম শুরুর পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে সহসভাপতি হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাচসাসের উন্নয়ন ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাচসাস। শুরুতে সংগঠনটির নাম ছিল পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি। স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি রাখা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
