মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট) ও বিশেষ সম্মাননা সনদ। ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতকের মধ্যে ২৫টি দেশের ২৫ জন সেরা শিক্ষার্থীকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা করে নেন মাসুম বিল্লাহ।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় মিশরের রাজধানী কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিকসহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকেই একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট, সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন মাসুম বিল্লাহ গুলজার।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার ফর আল-আজহার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ চতুর্থবারের মতো এ সমাবর্তনের আয়োজন করে।
এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতক অংশ নেন। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী। সমাবর্তনে অংশগ্রহণকারী সব স্নাতককে সনদ দেওয়া হয়। তবে ৪৫টি দেশের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে সেরা ২৫ দেশের ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ মেধার স্বীকৃতি হিসেবে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিদা ও দর্শন বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম, মো. মাহফুজুর রহমান ও মুহাম্মদ মাহমূদ হাসান অংশ নেন। তাফসির বিভাগ থেকে মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান ও আনাস ইমাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাদিস বিভাগ থেকে যুবায়ের আহমাদ ও ফয়সাল মাহমুদ, শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম, আরবি ভাষা অনুষদ থেকে মো. মুজাহিদুল ইসলাম এবং শরিয়াহ ইসলামিয়া অনুষদ থেকে আব্দুল্লাহ মুসআব সমাবর্তনে অংশ নেন।
এর আগে গত ৬ জুলাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মাসুম বিল্লাহ গুলজার তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মাননাসহ প্রথম শ্রেণি অর্জন করেন। এ ফলাফলে তিনি বিভাগের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থী মিলিয়ে সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ের আগের বর্ষগুলোতেও তিনি অনুষদের বিদেশি শিক্ষার্থীদের মেধাতালিকায় যথাক্রমে দ্বিতীয়, দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছিলেন।
নিজের এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাসুম বিল্লাহ গুলজার বলেন, ‘আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং মা-বাবা ও শিক্ষকদের দোয়ায় এ সম্মাননা অর্জন করতে পেরেছি। আল-আজহারের মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ বার্তা নিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। ’
বর্তমানে মাসুম বিল্লাহ গুলজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও উলুমুল কুরআন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি আরব বিশ্বের অন্যতম প্রাচীন ও মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় ফতোয়া প্রতিষ্ঠান ‘দারুল ইফতা আল-মিসরিয়া’তে ইফতা বা মুফতি প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এর আগেও আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ‘মা’হাদুল বুউসিল ইসলামিয়া’ থেকে উচ্চমাধ্যমিক (সানাওয়িয়া) পরীক্ষায় বিদেশি পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।
সাতক্ষীরা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সোনারডাঙ্গা গ্রামের সন্তান মাসুম বিল্লাহ গুলজার। তার বাবা আব্দুল মান্নান। ২০১০ সালে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি। পরে ২০১৮ সালে ঢাকার মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি ‘মাহাদুশ শায়খ ফুআদ লিদ্দিরাসাতিল ইসলামিয়া’ থেকে আরবি ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেছেন। তথ্যসূত্র: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পোর্টাল।
