ব্যাংক কোম্পানি আইনে কোনো ঋণখেলাপিকে নতুন ঋণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি আনতে নীতিমালায় বড় ধরনের শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণখেলাপিরাও আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়ে প্রণোদনার ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি বিশেষ স্কিম চালু করা হয়েছে। এসব স্কিমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এখন থেকে কোনো ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের বিপরীতে আদালত স্থগিতাদেশ দিলে ওই গ্রাহক উল্লিখিত স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন। তবে এর বাইরে অন্যান্য ক্ষেত্রে গত ২৯ জুলাই জারি করা বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-২৫-এর নির্দেশনাসমূহ বহাল থাকবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক কম সুদে ঋণ দিতে ১৫টি স্কিম ঘোষণা করেছে। এসব স্কিমের আওতায় রয়েছে—বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতে চলতি মূলধন, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার তহবিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতের পুনঃঅর্থায়ন, ক্রিয়েটিভ ইকোনমি, চামড়া ও চামড়াজাত শিল্প এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের তহবিল। এ ছাড়া পিকেএসএফের মাধ্যমে কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টি, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য গঠিত বিশেষ স্কিমগুলোও এর অন্তর্ভুক্ত রয়েছে।
