শীতে বাজারে এলো ওয়ালটনের নতুন গিজার, কেটলি ও রুম হিটার

প্রতিবেদন:

·

,

শীত মৌসুম সামনে রেখে নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্ট প্রযুক্তির ৪৫ লিটারের গিজার, ৪০ ও ৩০ লিটারের গিজার এবং বিভিন্ন নকশা ও ফিচারের ইলেকট্রিক কেটলি। এ ছাড়া ঘর গরম রাখার পাশাপাশি বাতাস শীতল ও আর্দ্র রাখার সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটারও এনেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এসব পণ্যের উদ্বোধন করেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হাই-টেকের পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

নতুন গিজারে স্মার্ট প্রযুক্তি

ওয়ালটনের নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স ও ৩০ লিটারের সুপ্রিম মডেল।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যাকুয়াওয়ার্ম মডেলের গিজারটি আইওটি প্রযুক্তিনির্ভর। এতে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই গিজারটি নিয়ন্ত্রণ করা যাবে। ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকেও এটি পরিচালনা করা সম্ভব।

অন্যদিকে ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। ৩০ লিটারের সুপ্রিম মডেলটি তৈরি করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডি দিয়ে।

নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন। পাশাপাশি সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা এড়াতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার সুবিধাও রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

নতুন ইলেকট্রিক কেটলি ও কম্বো রুম হিটার

গিজারের পাশাপাশি নতুন কয়েকটি সিরিজের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক মডেল।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ অনুষ্ঠানে বলেন, ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্সের প্রতিটি পণ্যই বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ইলেকট্রিক কেটলিতে ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। এগুলো ফুড কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস (এফসিএম) সনদপ্রাপ্ত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে শীতের সময় ঘর গরম রাখতে নতুন কম্বো মডেলের রুম হিটার এনেছে ওয়ালটন। এতে রুম হিটারের পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিফায়ারের সুবিধা রয়েছে। ফলে শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস শীতল রাখতেও এটি ব্যবহার করা যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন হোম অ্যাপ্লায়েন্সগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ