চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদন:

·

, , , , ,

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর পরিদর্শনের কথা মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করতে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে অন্যদের মধ্যে আসবেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)।

মন্ত্রিপরিষদ সচিবের আগমনকে ঘিরে হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সেবা নিতে গিয়ে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ রয়েছে রোগী ও তাঁদের স্বজনদের। তাঁরা এসব অভিযোগ সরাসরি মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যসচিবের কাছে তুলে ধরতে চান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগের কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতির তালিকা ও সম্ভাব্য মূল্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে পরবর্তী সময়ে এ নিয়ে মামলা হওয়ায় ১০০ শয্যার কার্যক্রম স্থগিত হয়ে যায় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি।

অন্যদিকে, ৫০ শয্যার হাসপাতালের জনবল দিয়েই বর্তমানে ১০০ শয্যার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

একাধিক রোগী ও তাঁদের স্বজনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। দায়িত্বে থাকা নার্সদের বিরুদ্ধে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের অধিকাংশ চিকিৎসক সকাল ১০টার পর বহির্বিভাগে রোগী দেখা শুরু করেন। আবার দুপুর ২টার আগেই রোগী দেখা বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসকের রাউন্ড না দেওয়ার অভিযোগও করেছেন স্বজনরা।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। শতভাগ জনবল পাওয়া সম্ভব নয়। ১০০ শয্যার ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছিল। এ কারণে হাসপাতাল পরিচালনা কমিটির পরামর্শে ভবনটি চালু করা হয়েছে। ৫০ শয্যার জনবল দিয়েই ১০০ শয্যার কার্যক্রম চলছে। এতে কিছু সমস্যা হচ্ছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।

Read this report in English · ইংরেজি সংস্করণ