দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও তাঁর সময়েই চালু হয় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর খরচ কমানো এবং দ্রুত প্রবাসী আয় প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
এসব উদ্যোগের অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশের এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর নতুন নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে লেনদেন ব্যয় কমছে।
তিনি আরও জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে।
পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
এছাড়া রেমিট্যান্স সেবা আরও সহজ ও দ্রুত করতে নতুন প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।
Read this report in English · ইংরেজি সংস্করণ
