সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে করদাতাদের সমস্যা হচ্ছিল। এ পরিস্থিতিতে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা (কনকারেন্ট ইউজার) বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতাদের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।
আদেশে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
মঙ্গলবার এনবিআরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
