প্রায় দুই বছর ধরে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন চীনের এক দম্পতি। উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের সংস্কৃতি, মানুষ ও জীবনযাত্রা সম্পর্কে জানা। কিন্তু এই ভ্রমণই একসময় তাদের জীবনের গভীরতর অর্থ খোঁজার পথে নিয়ে যায়। বিভিন্ন দেশে মুসলমানদের আন্তরিকতা, আতিথেয়তা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন তারা।
চীনা ওই দম্পতির নাম মুয়ুয়ান সং ও লুওশি শু। সম্প্রতি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাদের নতুন নাম রাখা হয়েছে মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুল।
চীনের রাজধানী বেইজিংয়ে বসবাসকারী সং ও শু আট বছর ধরে বিবাহিত। প্রায় দুই বছর আগে তারা নিজেদের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন। তাদের যাত্রা শুরু হয় ইন্দোনেশিয়া থেকে। বিভিন্ন দেশ ঘুরে মানুষের সঙ্গে মেলামেশার সময় মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও অন্যের প্রতি সদাচরণ তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। এ অভিজ্ঞতা থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাদের মধ্যে।
ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরে যান তারা। সেখানে ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে বসে থাকার সময় পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আকগুচের সঙ্গে। প্রথম পরিচয়ের পরই চীনা দম্পতিকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানান তারা। সেখানে তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান সং ও শু।
সেই পরিচয় ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। একই সঙ্গে ইসলাম সম্পর্কে চীনা দম্পতির আগ্রহও বাড়তে থাকে। তাদের কৌতূহল দেখে আয়সেল আকগুচ একসময় তাদের একটি পবিত্র কোরআনের কপি উপহার দেন। এরপর তারা কোরআন পড়তে শুরু করেন এবং ইসলাম সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যান।
তুরস্ক ছেড়ে চলে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত ছিল। চীনে ফিরে যাওয়ার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সং ও শু। তবে তারা চেয়েছিলেন, যে তুর্কি পরিবারের সঙ্গে তাদের পরিচয়ের সূত্রে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল, সেই পরিবারের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে ধর্মটি গ্রহণ করবেন। এ কারণে তারা আবারও আনতালিয়ায় ফিরে আসেন।
পরে আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ইসলাম গ্রহণ করেন। এ সময় আকগুচ পরিবারও উপস্থিত ছিল। মসজিদের ধর্মীয় কর্মকর্তা মেহমেত কোশুক তাদের বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন। মসজিদের ইমাম ও মুসল্লিরা তাদের নতুন নাম দেন মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুল।
চাপ নয়, নিজেদের উপলব্ধি থেকেই সিদ্ধান্ত
এক সাক্ষাৎকারে সং বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের কাছ থেকে পাওয়া আন্তরিকতা ও ভালো ব্যবহার তাদের ইসলাম গ্রহণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে কেউ তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করেননি কিংবা ইসলাম গ্রহণে প্রভাবিত করার চেষ্টা করেননি। মুসলমানদের আচরণ পর্যবেক্ষণ এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার মধ্য দিয়েই ধর্মটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
সং জানান, তুর্কি দম্পতি তাদের মসজিদে নিয়ে গিয়েছিলেন এবং নামাজ ও ইসলাম সম্পর্কে নানা বিষয় বুঝিয়ে বলেছিলেন। ইসলাম গ্রহণের পর তারা আশপাশের মানুষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন। তার ভাষায়, ইসলাম গ্রহণের পর তাদের মনে প্রশান্তি আরো বেড়েছে।
তিনি বলেন, জীবনের নানা সমস্যার মুখোমুখি হলে তারা শান্ত থাকার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। এতে তাদের ভালো অনুভূতি হয়। তাদের কাছে মুসলমান হওয়ার অর্থ হলো, পরিস্থিতি যেমনই হোক, ভালো ও আন্তরিক মানুষ হিসেবে নিজেকে ধরে রাখা।
ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে সং বলেন, তুরস্কের মানুষকে প্রথম দেখায় কিছুটা কঠোর মনে হতে পারে। কিন্তু তাদের সঙ্গে মিশলে আন্তরিক ও উষ্ণ আচরণের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে দেশটিতে পথের বিড়াল ও কুকুরের প্রতি মানুষের মমতা তাকে মুগ্ধ করেছে। এসব প্রাণীর প্রতি মানুষের সহনশীলতা ও যত্নশীল আচরণ তার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হয়েছে।
অন্যদিকে, ইসলাম গ্রহণে আনন্দ প্রকাশ করেছেন লায়লা বেতুল। ধর্মটি সম্পর্কে আরো গভীরভাবে জানার জন্য তিনি চীনা ভাষায় লেখা ইসলামবিষয়ক বই পড়ছেন।
কোরআন উপহার দিয়েছিলেন তুর্কি নারী
চীনা দম্পতির সঙ্গে পরিচয়ের স্মৃতিচারণ করে অবসরপ্রাপ্ত নার্স আয়সেল আকগুচ বলেন, প্রথম সাক্ষাতের পরই তাদের মধ্যে একধরনের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল। ভাষাগত সীমাবদ্ধতার কারণে শুরুতে ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে কথাবার্তা বলতে হয়েছিল। পরে তিনি সং ও শুকে বাড়িতে নাশতার আমন্ত্রণ জানান।
আয়সেল বলেন, প্রথমবার দেখা হলেও তাদের মনে হয়েছিল, যেন বহুদিনের পরিচিত। একসঙ্গে সময় কাটানোর সময় চীনা দম্পতি ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। তাদের জানার আগ্রহ দেখে তিনি পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। তবে তার উদ্দেশ্য কাউকে ইসলাম গ্রহণে উৎসাহিত করা ছিল না; বরং নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের জানার সুযোগ করে দেওয়া।
কোরআনটি পড়ার পর সং ও শু তাকে বার্তা পাঠিয়ে জানান, বইটি তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। তাদের কাছে কোরআনকে একটি শিল্পকর্মের মতো মনে হয়েছে।
আয়সেল জানান, চীনে ফিরে যাওয়ার পর ওই দম্পতি ইসলাম গ্রহণের সিদ্ধান্তের কথা তাকে জানান। তার বিশ্বাস, মানুষের জীবনে সঠিক পথের সন্ধান পাওয়ার পেছনে বিভিন্ন ব্যক্তি ও ঘটনা উপলক্ষ হয়ে উঠতে পারে। মুসলমানদের আন্তরিকতা, মানুষের সঙ্গে তাদের আচরণ এবং বিভিন্ন দেশে আজানের ধ্বনি শোনার অভিজ্ঞতা চীনা দম্পতির মনে ইসলাম সম্পর্কে আগ্রহ জাগাতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
নামাজে আবেগাপ্লুত হয়েছিলেন সং
তুর্কি দম্পতি আবদুর রহমান আকগুচ জানান, পরিচয়ের পর দুই পরিবারের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠে। একসময় চীনা দম্পতি তাকে ও তার স্ত্রীকে পরিবারের সদস্যের মতো ভাবতে শুরু করেন। তারাও সং ও শুকে নিজেদের সন্তানের মতো দেখতে শুরু করেন।
আবদুর রহমান বলেন, একদিন সং তার সঙ্গে মসজিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানে নামাজের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি নিয়ে নামাজ আদায় করেন।
চীনা দম্পতিকে ইসলাম সম্পর্কে আরো জানার সুযোগ করে দিতে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর তাঁদের চীনা ভাষায় অনূদিত কোরআন, তাফসির ও ধর্মীয় বিষয়সংক্রান্ত বই উপহার দেয়।
আবদুর রহমান জানান, তুরস্ক ও চীনের মধ্যে দূরত্ব থাকলেও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত রয়েছে। আগামী বছরের মে মাসে তিনি ও তার স্ত্রী চীনে গিয়ে মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুলের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।
তার ভাষায়, নিজেদের সন্তানদের ফোন বা বার্তা পেলে যেমন আনন্দ হয়, চীনা দম্পতির কাছ থেকে যোগাযোগ পেলেও তারা একই রকম আনন্দ অনুভব করেন। তাদের কাছে এখন সং ও শু শুধু পরিচিত মানুষ নন, পরিবারেরই অংশ।
