ইসরায়েলের রাজনীতিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘনিয়ে আসার আলোচনা চললেও দেশটির যুদ্ধ ও ফিলিস্তিন নীতিতে মৌলিক কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন জোট সরকার গঠনের আলোচনা জোরদার হলেও তাঁর জোটের অধিকাংশ নেতাই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের কট্টর সমর্থক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে উঠে এসেছে, নেতানিয়াহুর বিদায় কেবল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু পরিবর্তন আনতে পারে, কিন্তু দখলদারিত্ব ও আঞ্চলিক সামরিক আগ্রাসনের প্রশ্নে দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় অভিন্ন।
অভ্যন্তরীণ সংস্কারেই সীমাবদ্ধ বিরোধী জোটের এজেন্ডা
আন্তর্জাতিক মহলে গাদি আইজেনকোটের জোটকে নেতানিয়াহুর অতি-ডানপন্থী সরকারের তুলনায় কিছুটা নমনীয় হিসেবে দেখা হচ্ছে। এর মূল কারণ, নতুন জোট নেতানিয়াহু সরকারের আনা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলি নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং অতি-রক্ষণশীল ইহুদি তরুণদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়ে ২০২৪ সালের সুপ্রিম কোর্টের রায় কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
তবে অভ্যন্তরীণ এসব সংস্কারের বাইরে পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে এই জোটের অবস্থান নেতানিয়াহুর চেয়ে খুব একটা আলাদা নয়।
জোটের শীর্ষ নেতারা কে কোন অবস্থানে
নতুন সরকার গঠনের দৌড়ে থাকা বিরোধী জোটের পাঁচ শীর্ষ নেতার মধ্যে একমাত্র বামপন্থী দল ‘দ্য ডেমোক্র্যাটস’-এর প্রধান ইয়াইর গোলান উদারপন্থী অবস্থানে রয়েছেন। জোটের বাকি চার প্রভাবশালী নেতাই ফিলিস্তিন ইস্যুতে কঠোর:
গাদি আইজেনকোট: ‘ইয়াশার পার্টি’র প্রধান ও সাবেক এই সেনাপ্রধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধী। পশ্চিম তীরে বিদ্যমান অবৈধ ইসরায়েলি বসতি বজায় রাখার পক্ষেও তাঁর অবস্থান স্পষ্ট। গাজায় ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনায় চলা সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধসহ আঞ্চলিক হামলায় তাঁর ব্যাপক সমর্থন রয়েছে। আইজেনকোট ইসরায়েলের বিতর্কিত ‘দাহিয়া ডকট্রিন’-এর প্রণেতা—যে সামরিক নীতিতে শত্রুপক্ষের বেসামরিক এলাকার ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর কথা বলা হয়েছে। গত মার্চেও তিনি লেবাননে এই নীতি প্রয়োগের পক্ষে সাফাই গেয়েছিলেন।
নাফতালি বেনেট: ‘বি’ইয়াহাদ পার্টি’র এই নেতা অতীতে পশ্চিম তীরের বসতি স্থাপনকারী কাউন্সিলের প্রধান ছিলেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী এবং পশ্চিম তীরের ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে মত দিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপকেও তিনি সমর্থন করেছিলেন।
আভিগদর লিবারম্যান: ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ‘ইসরায়েল বেইতেইনু’র প্রধান লিবারম্যান পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের জোরালো সমর্থক। ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ চলাকালে ‘গাজায় কোনো নির্দোষ মানুষ নেই’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
ইয়াইর লাপিদ: বেনেটের ‘বি’ইয়াহাদ পার্টি’র জোটসঙ্গী লাপিদ দীর্ঘমেয়াদে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বললেও এ বিষয়ে তাঁর সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই।
‘সমস্যাটি কেবল নেতানিয়াহু নন’
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি সমাজ সামগ্রিকভাবে আরও বেশি ডানপন্থার দিকে ঝুঁকে পড়েছে। বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন ও সিরিয়ার প্রায় ৭ হাজার ২৫২ বর্গকিলোমিটার এলাকা সামরিকভাবে দখল করে রেখেছে এবং ভোটাধিকারহীন প্রায় ৫৫ লাখ ফিলিস্তিনিকে শাসন করছে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) বিশ্লেষক এইচ এ হেলিয়ার আল জাজিরাকে বলেন, “অনেকেই আশা করছেন নেতানিয়াহু বিদায় নিলে ইসরায়েলে একটি মধ্যপন্থী বা প্রগতিশীল সরকার আসবে। কিন্তু সমস্যাটি কখনোই কেবল নেতানিয়াহু ছিলেন না। তাঁর অনুপস্থিতি বরং এটিই স্পষ্ট করবে যে, দখলদারিত্ব বজায় রাখা এবং ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর অবস্থানও একই রকম।”
তিনি আরও উল্লেখ করেন, গাজা, দখলকৃত পশ্চিম তীর, সিরিয়া বা দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি মেনে নিতে ইসরায়েলি জনগণ ও নেতৃত্বের আরও বহু বছর সময় লাগবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
