ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নেহাওয়ান্দ শহরের কাছ থেকে ইসরাইলে তৈরি একটি ‘অরবিটার ৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। ইরানের আকাশসীমায় ড্রোনের উপস্থিতি শনাক্ত ও তা প্রতিহত করার ধারাবাহিক প্রতিবেদনের মাঝে এটি একটি নতুন ঘটনা।
রোববার (১৫ নভেম্বর) ইরানের ফার্স নিউজ এজেন্সি পশ্চিমাঞ্চলীয় বিমান বাহিনীর একটি বিবৃতির বরাত দিয়ে জানায় যে, নেহাওয়ান্দ এলাকার নিকটবর্তী স্থানে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছিল কিংবা ড্রোনটি কীভাবে শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত কয়েক মাস ধরে দেশের দক্ষিণাঞ্চলে এবং হরমুজ প্রণালির আশপাশে—বিশেষ করে মার্কিন ড্রোন গুলি করে নামানোর বেশ কিছু ঘোষণা দিয়েছে তেহরান। এ ছাড়াও এর আগে ইসরায়েলি অরবিটার সিরিজের ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। চলতি বছরের মার্চ মাসে ইস্ফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
উল্লেখ্য, ‘অরবিটার ৪’ হলো ইসরাইলে তৈরি একটি উন্নত ড্রোন, যা মূলত গোয়েন্দাগিরি ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। অ্যারোনটিক্স ডিফেন্স সিস্টেমস কর্তৃক প্রস্তুতকৃত এই ড্রোনটি এর আধুনিক সেন্সর ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম।
Read this report in English · ইংরেজি সংস্করণ
