নেত্রকোনার মদন উপজেলায় নিখোঁজের দুই দিন পর মগড়া নদী থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামে আলম মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত আব্দুল লতিফ দক্ষিণ বালালী গ্রামের মরহুম লাবু হাজীর ছেলে। লাশটি তার স্ত্রী, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শনাক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ থাকার দুই দিন পর নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
