নদীর বুকে মাঝিদের কণ্ঠে জয়ধ্বনি আর নৌকাবাইচের গান। রঙিন পোশাকে সজ্জিত মাঝিদের বৈঠার টানে এগিয়ে চলছে নৌকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো দর্শকের উল্লাসে যেন ফিরে এসেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া চিরচেনা এক উৎসব। আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরের সন্ধ্যা নদীতে এমনই এক উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ। শুধু নদীর পাড় থেকেই নয়, ছোট ছোট নৌকা ও ট্রলারে করেও অনেকে নদীতে অবস্থান নিয়ে উপভোগ করেন এই প্রতিযোগিতা।
বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকা থেকে নৌকাবাইচের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। প্রতিযোগিতায় বিভিন্ন নামের ৮টি সুবিশাল নৌকা অংশ নেয়।
উদ্বোধনের পর শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। একসঙ্গে মাঝিদের বৈঠার টান, কাঁসির আওয়াজ আর জয়ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে সন্ধ্যা নদী। প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতাটি মেজর এম এ জলিল সেতু (ইচলাদী সেতু) এলাকায় এসে শেষ হয়।
অনুষ্ঠানের আয়োজক ও পরিকল্পনাকারী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পরিচিত করার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।
উজিরপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো।
নৌকাবাইচ শেষে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Read this report in English · ইংরেজি সংস্করণ
