ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

যশোরের ঝিকরগাছায় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আতিয়ার রহমান (৫৫) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যান জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন চালককে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, অরক্ষিত রেলক্রসিংটিতে কোনো গেটম্যান নেই। তাই গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

যশোর জিআরপি পুলিশের এসআই লিটন বলেন, খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক কাভার্ড ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ,আর