বিডি গ্লোবাল ডেস্ক,
নওগাঁর মান্দায় ‘মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ চত্বর থেকে ময়না রাণী (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মান্দা উপজেলা সদরের প্রসাদপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ময়না রাণী জেলার নিয়ামতপুর উপজেলার তিলিহারি মহাপাড়া এলাকার অনিল চন্দ্রের স্ত্রী। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দেয়ালের পাশ থেকে লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর বাজারের হাসপাতাল মোড়সংলগ্ন মান্দা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত ‘মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর দেয়ালের ভিতরের বসার স্থানে ময়না রাণীর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা।
মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
নিহত ময়না রাণী কবে, কখন ওই ক্লিনিক চত্বরে এসেছেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
যা বলছে পুলিশ
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন বলেন, ‘নিহত ওই নারী লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখতে পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’ এ,আর
