ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ অব্যাহত রাখতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের যোগ্য কর্মীরা এ সুযোগ পেতে পারেন। প্রস্তাবটি কার্যকর হলে কোম্পানির মোট কর্মীবাহিনীর বড় একটি অংশ এর আওতায় আসবে।
সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি এআই অবকাঠামো ও প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ জোগাড় করতে এ উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। বর্তমানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো কোম্পানিটিও এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মাইক্রোসফটের এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব পাওয়ার যোগ্য হতে পারেন। তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ কর্মসূচির আওতায় থাকবেন না। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় বলেন, যারা প্রতিষ্ঠানের বাইরে নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের কর্মজীবনের পরবর্তী ধাপে যেতে এ উদ্যোগ সহায়তা করবে। একই সঙ্গে পরিবর্তিত চাহিদার সঙ্গে কর্মীসংখ্যা সমন্বয়ের সুযোগ পাবে কোম্পানির বিভিন্ন বিভাগ।
এআই খাতে বিপুল বিনিয়োগ
মাইক্রোসফট চলতি বছরের মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। এ ব্যয়ের বড় অংশ এআই-সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটসহ বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টার ও উন্নত চিপ তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। তবে এসব বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত আর্থিক মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
আগামী বুধবার (২৮ অক্টোবর) বাজার লেনদেন শেষ হওয়ার পর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে মাইক্রোসফটের। এর আগে ব্যয় নিয়ন্ত্রণে কোম্পানিটির নতুন উদ্যোগ প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের নজরে এসেছে। মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়ার উদ্যোগটি কর্মীবাহিনীর উল্লেখযোগ্য অংশকে প্রভাবিত করতে পারে।
আগেও কর্মী কমানোর উদ্যোগ
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। ওই কর্মসূচির আওতায় দেশটিতে প্রতিষ্ঠানটির প্রায় ৭ শতাংশ কর্মী ছিলেন। এ ছাড়া গত জুলাইয়ে বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি। ওই সময় এক্সবক্স গেমিং ব্যবসা পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হয়। কয়েক বছর ধরে এ বিভাগে বড় অঙ্কের বিনিয়োগের পর মুনাফা বাড়ানোর লক্ষ্যে সর্বোচ্চ পাঁচটি গেম স্টুডিও থেকে বিনিয়োগ প্রত্যাহার বা সেগুলো বিক্রির পরিকল্পনার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানিয়েছে, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বিভাগের ৭০ বা তার নিচের স্তরের যোগ্য কর্মীরা নতুন স্বেচ্ছামূলক কর্মসূচির সুযোগ পাবেন। এটি নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকবে। যোগ্য কর্মীদের এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।
আগের একটি স্বেচ্ছায় অবসর গ্রহণ কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
Read this report in English · ইংরেজি সংস্করণ
