বিদেশি ভাষা আপনাকে এগিয়ে রাখবে

প্রতিবেদন:

·

, , ,

উন্নত ক্যারিয়ার গঠনে বিদেশি ভাষা জানা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। বিশ্বায়নের প্রভাবে বিভিন্ন দেশের সংস্কৃতি যেমন পরস্পরের কাছাকাছি আসছে, তেমনি বাড়ছে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা। আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্তিশালী করতে কোন কোন বিদেশি ভাষা শেখা প্রয়োজন, তা নিয়ে আজকের আয়োজন।

মান্দারিন : গত দুই দশকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মান্দারিন একটি গুরুত্বপূর্ণ ভাষায় পরিণত হয়েছে। উৎপাদন ও রপ্তানিশিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগের উদ্ভব হওয়ায় মান্দারিনে দক্ষতার চাহিদা বেড়েছে। এছাড়া অন্যান্য অভাবনীয় শিল্পের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স ও লজিস্টিকস। মান্দারিন চায়নিজ চীন ও তাইওয়ানের ৮১০ মিলিয়নেরও বেশি মানুষের মাতৃভাষা। এছাড়া ভাষাটি ইন্দোনেশিয়া, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, মঙ্গোলিয়া ও ফিলিপাইনেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেই সূত্রে সিভিতে মান্দারিন ভাষার সংযোজন যেকোনো প্রার্থীর মান উন্নত করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে মান্দারিন চায়নিজ ভাষা শেখানো হয়। এছাড়া বেসরকারি কিছু প্রতিষ্ঠান চীনা ভাষা শেখায়।

আরবি : তেলশিল্প, জ্বালানি খাত বা হাই-এন্ড কনস্ট্রাকশনের কর্মীদের জন্য আরবি ভাষার দক্ষতা আবশ্যক। বিশ্বের ২৭টি দেশে প্রায় ৩০০ মিলিয়ন আরবি ভাষাভাষী লোক আছে। এই একটি ভাষা মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ক্যারিয়ার তৈরির সহায়ক ভূমিকা পালন করতে পারে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তাই ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষা হতে পারে উন্নত ক্যারিয়ারের সেরা মাধ্যম। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে মসজিদ-মাদরাসার আধিক্য থাকায় প্রচুর সুযোগ আছে আরবি শেখার। ইসলামিক ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ভালো মানের দুটি আরবি ভাষা শিক্ষাকেন্দ্র।

জাপানিজ : ১২০ মিলিয়নেরও বেশি জাপানিজ ভাষাভাষী মানুষের দেশ জাপান। দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, ইলেকট্রনিকস ও অটোমোবাইল শিল্পের অত্যন্ত উন্নত স্তরের। সুতরাং গ্যাজেট-সম্পর্কিত যেকোনো ব্যবসার জন্য জাপানিজ ভাষা শেখা অবধারিত। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিকসে চাকরির সুযোগের জন্য প্রাসঙ্গিক শিল্পমান দক্ষতার সঙ্গে জাপানিজ ভাষার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট জাপানিজ ভাষা শেখার জন্য সেরা জায়গা।

জার্মান : ইউরোপকেন্দ্রিক ক্যারিয়ারে সাফল্যের চাবিকাঠি হচ্ছে জার্মান ভাষা শেখা। জার্মান ১০০ মিলিয়নেরও বেশি লোকের ভাষা। এছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, হল্যান্ড, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডেও ব্যাপকভাবে জার্মান বলা হয়। ইউরোপের অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম অবস্থানে রয়েছে জার্মানি। এখানে ফিন্যান্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচার, ডিজাইন বা ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রগুলোয় পেশাদারের চাহিদা প্রচুর। বাংলাদেশে এরই মধ্যে জার্মান শেখার বিস্তর সুযোগের সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং বাংলাদেশের জার্মান দূতাবাস-স্বীকৃত গোথে ইনস্টিটিউট বাংলাদেশ।

তুর্কি : বিশ্বজুড়ে আনুমানিক ৭৭ মিলিয়ন মানুষের মাতৃভাষা তুর্কি, যা একে বিশ্বের শীর্ষ ১৫টি সর্বাধিক কথ্য মাতৃভাষার অন্তর্ভুক্ত করেছে। তুরস্ক ছাড়াও তুর্কিভাষী আছে বলকান, ককেশাস ও পশ্চিম ইউরোপে। তুর্কি অভিবাসীদের বৃহত্তম অংশটি বাস করেন জার্মানিতে, যেখানে জার্মানির পর তুর্কি দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। এখানে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, এনার্জি, ট্যুরিজম, ফিন্যান্স, আইন ও ব্যবসার মতো বৈচিত্র্যময় খাতে অসংখ্য ক্যারিয়ারের সুযোগ বিদ্যমান। পাবলিক খাতে কর্মজীবনে আগ্রহীদের জন্য কূটনীতি, বুদ্ধিমত্তা ও সামরিক ক্ষেত্রগুলোয় সক্রিয়ভাবে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সেইসঙ্গে শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ফেলোশিপেরও ব্যবস্থা আছে। বাংলাদেশে তুর্কি শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট।

স্প্যানিশ : বিশ্বব্যাপী ৪৮০ মিলিয়নেরও বেশি স্থানীয় ভাষাভাষীদের মধ্যে স্প্যানিশ ২১টি দেশের রাষ্ট্রীয় ভাষা। এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রমবর্ধমান বাজারে কর্মসংস্থানের সুযোগের গেটওয়ে। এখানে মানবসম্পদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মিডিয়া ও ব্যাংকিংয়ে। পাশাপাশি চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও বিপণনেও বেশ ভালো সুযোগ আছে । আমেরিকার শতকরা ৮৫ ভাগ নিয়োগকর্তা স্প্যানিশকে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ বিদেশি ভাষা হিসেবে তালিকাভুক্ত করেছেন। অনেকটা ইংরেজির মতো হওয়ায় সহজে যে কেউ স্প্যানিশ রপ্ত করতে পারেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন ও দীর্ঘ মেয়াদে স্প্যানিশ ভাষা শেখা যায়।

রাশিয়ান : বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন রাশিয়ান ভাষা ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই বাস করে রাশিয়ায়। অন্যরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, যেমন ইউক্রেন, লাটভিয়া ও কাজাখস্তানের বাসিন্দা। রাশিয়ার ক্রমবিকাশমান অর্থনীতির নেপথ্যে রয়েছে এর শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্য, সরবরাহ, খনি এবং তৈল ও জ্বালানি খাত। জার্মানির মতো রাশিয়াও বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পেশাগুলোয় জনপ্রিয়, তাই যেকোনো উদীয়মান বিজ্ঞানী বা প্রযুক্তিবিদের জন্য রাশিয়া স্বর্গ হতে পারে। রাশিয়ান ভাষার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র।