হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদন:

·

,

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬৮ শিশুর মধ্যে। এ ছাড়া ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৩৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের শুক্রবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ১৯৭ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বিভাগটিতে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ শিশুর।

Read this report in English · ইংরেজি সংস্করণ