সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনা রক্ষায় গত মাসে দুটি বাড়তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ও উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাতে গত শুক্রবার (২ অক্টোবর) এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যাটারি বসানো হয়েছে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায়, অন্যটি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনায়। স্থাপনা দুটির নাম জানানো হয়নি।
ইরানের সঙ্গে যুদ্ধ আবার তীব্র হলে তেহরানের পাল্টা হামলা থেকে এসব স্থাপনা বাঁচানোই এই মোতায়েনের উদ্দেশ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবার বড় পরিসরে অভিযানের সিদ্ধান্ত নিলে মিত্রদের জ্বালানি স্থাপনা সুরক্ষিত থাকবে, রিয়াদ ও দোহাকে সেই নিশ্চয়তা দিতে চেয়েছে ওয়াশিংটন।
অ্যাক্সিওস জানায়, আগস্টের শুরুতে সৌদি আরব ও কাতারের নেতারা ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাতসহ বড় ধরনের হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, এর জবাবে ইরান তাদের তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানবে।
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় অভিযান চালাতে হলে সৌদি আকাশসীমা ব্যবহারে রিয়াদের অনুমতি লাগবে যুক্তরাষ্ট্রের। তেল স্থাপনার সুরক্ষা নিশ্চিত না হলে সৌদি আরব সেই অনুমতি দেবে, এমন সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্র।
সাত মাস ধরে চলা এই যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা একাধিকবার হামলার শিকার হয়েছে। জ্বালানিবিষয়ক সংবাদমাধ্যম অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে ইরানের হামলায় কাতারের রাস লাফান এলএনজি স্থাপনা আক্রান্ত হলে কাতারএনার্জি সেখানে কার্যক্রম বন্ধ রাখে। গত ১০ সেপ্টেম্বর ড্রোন হামলার পর সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন দুই সপ্তাহ বন্ধ ছিল। এখন তা আংশিক চালু হয়েছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তাকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষ্য, ইরান হয় একটি ন্যায্য চুক্তিতে সই করবে, নয়তো দেশটির আর অস্তিত্ব থাকবে না।
সূত্র: অ্যাক্সিওস, টাইমস অব ইসরায়েল, অয়েলপ্রাইস ডটকম
Read this report in English · ইংরেজি সংস্করণ
