মাস্কের সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন শিভন জিলিস

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলে এক্সে জানিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী ও নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস। তাদের চার সন্তান রয়েছে।

কালো পর্দার সামনে চেয়ারে বসে আছেন ইলন মাস্ক

প্রতিবেদন:

·

, ,

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী ও ব্যবসায়িক সহযোগী শিভন জিলিস। গত শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

জিলিস লিখেছেন, কোনো আগাম ইঙ্গিত ছাড়াই মাত্র এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছেদে পৌঁছানো কঠিন, তবে কখনো কখনো এমনই ঘটে। তিনি জানান, মাস্কের অভাব তিনি অনুভব করবেন। তাদের চার সন্তানের জন্য তিনি কৃতজ্ঞ এবং আশা করেন, দুজন বন্ধু হিসেবে ও সন্তানদের সহ-অভিভাবক হিসেবে থাকবেন।

মাস্ক এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট জানায়, জিলিসের পোস্টের কোনো জবাব না দিয়ে তিনি এক্সে নিজের প্রতিষ্ঠান স্পেসএক্স, স্টারলিংক ও টেসলা নিয়ে পোস্ট করে গেছেন।

শিভন জিলিস মাস্কের মস্তিষ্ক-প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংকের একজন নির্বাহী। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির অপারেশনস ও বিশেষ প্রকল্পের পরিচালক এবং মাস্কের একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

দুজনের চার সন্তান। ২০২১ সালে আইভিএফ পদ্ধতিতে তাদের যমজ সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তানের জন্ম ২০২৪ সালে, চতুর্থটির ২০২৫ সালে।

দুজনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন আড়ালে ছিল। চলতি বছর ওপেনএআই-সংক্রান্ত মামলার শুনানিতে জিলিস সাক্ষ্য দিলে তা প্রকাশ্যে আলোচনায় আসে।

দ্য ইনডিপেনডেন্টের হিসাবে, চারজন নারীর সঙ্গে মাস্কের মোট ১৪ সন্তানের কথা জানা যায়। মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট

Read this report in English · ইংরেজি সংস্করণ