চাঁদপুরে শিক্ষার্থীদের মিড-ডে মিলের রুটি পুকুরে

বিডি গ্লোবাল ডেস্ক,

চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দকৃত মিড-ডে মিলের বনরুটি পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের আয়া লিপি দাসকে রুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। এতে এলাকায় অসন্তোষ তৈরি হয়।

ক্ষুব্ধ একাধিক অভিভাবক জানান, শিশুদের পুষ্টির জন্য সরকার যে খাবার বরাদ্দ দিয়েছে, তা শিক্ষার্থীদের না দিয়ে এভাবে পুকুরে ফেলে দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল ইসলাম বলেন, ‘রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বনরুটি রয়ে গিয়েছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেয়া হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘খবর পাওয়ার পর বিদ্যালয়ে এসে বনরুটিগুলো পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, ‘বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনার বিস্তারিত তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।