মুক্তাগাছায় শ্রমিক লীগ নেতার দোকান থেকে ৩ টন সার জব্দ

বিডি গ্লোবাল ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় শ্রমিক লীগ নেতা মো: জাকির হোসেনের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ তিন টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাকির ওই এলাকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ইউএনও কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে অভিযানে জাকিরের দোকান মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও সাত বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাকিরকে না পাওয়ায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালি বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।