এনটিআরসিএ‘র শিক্ষক পদে রি-সুপারিশের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক:

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বহুল প্রতীক্ষিত রি-সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এবং সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬-এর আওতায় মোট ১৯৫ জন সুপারিশকৃত প্রার্থীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। পুনর্নির্ধারিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের ইতোমধ্যে এসএমএসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীরা এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) কিংবা নির্ধারিত লিংকে (http://ngi.teletalk.com.bd) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজেদের নতুন নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

অন্যদিকে, ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতাভুক্ত প্রার্থীরা নিজস্ব ই-মেইল থেকে এই চিঠি ডাউনলোড করতে পারবেন। একইভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরাও ওয়েবসাইটে নিজ নিজ আইডি দিয়ে কিংবা প্রতিষ্ঠানের ই-মেইল থেকে নতুন শিক্ষকদের সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীদের উল্লেখিত প্রতিষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়েছে এনটিআরসিএ।

তবে এই পুনর্নির্ধারিত প্রার্থীদের ক্ষেত্রে ওয়েবসাইটে জয়েনিং স্ট্যাটাস পূরণের কোনো বাধ্যবাধকতা নেই।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।