ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

Written by

in

,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক হচ্ছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এতে বাকের-তাহমীদের হাতে উঠতে পারে ছাত্রশক্তির দায়িত্ব। বেশ কয়েকজন কাউন্সিলর ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আবু বাকের মজুমদার ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক ছিলেন। তাহমীদ আল মুদ্দাসসীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রশক্তির শীর্ষ দুই পদে তারা সবচেয়ে এগিয়ে রয়েছেন এবং তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে ছাত্রশক্তির নির্বাচন কমিশন গত ৯ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, লিমন হাছান ও মাহফুজুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও জহিরুল ইসলাম।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে আলোচনায় রয়েছেন হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলাম; সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস। ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি শাখার প্রথম কাউন্সিল ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হলে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।

ছাত্রশক্তির প্রেস ও মিডিয়া সম্পাদক যাবের বিন নূর জানিয়েছেন, কাউন্সিলের বিভিন্ন পর্বে কাউন্সিলরদের ভোটগ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি এবং অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখারও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এতে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির সব সংসদ সদস্য ও শীর্ষনেতারা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুই কমিটির কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোটের মাধ্যমে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। দুপুরের খাবার ও নামাজের বিরতির পর দুপুর ২টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় র‍্যালি এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপির ছাত্র সংগঠনটি প্রথমে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নামে যাত্রা শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত সংগঠনটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও ভরাডুবি হয় তাদের। এরপর সংগঠনটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

আট মাসের মাথায় ২০২৫ সালের ২৩ অক্টোবর সংগঠনটির নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করা হয়, সভাপতি করা হয় জাহিদ আহসানকে। গত ২ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।