ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

Written by

in

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যে অঞ্চলে তেহরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন যে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে।

গালিবাফ বলেন, ‘এই যুদ্ধের সমীকরণ স্পষ্ট: হয় সব, নয়তো কেউই নয়। আমরা যে অঞ্চলে তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউই তেল বিক্রি করতে পারবে না।’

গালিবাফ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার মূল শর্ত হলো সেখানে ‘সন্ত্রাসী মার্কিন সেনাদের’ উপস্থিতি না থাকা।

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালির নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে।’

গালিবাফ আরো বলেন, ‘আমরা বহুবার বলেছি, যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।