এসময় সার্বিক সূচক ডিএসইএক্স সূচক কমেছে দেড় শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখীতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকের নিম্নমুখীতা দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৮৮৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৯৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৭৭ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩১৪টির ও অপরিবর্তিত ছিল ১৮টির। আর লেনদেন হয়নি ২৭টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ, ইসলামী ব্যাংক ও এলএইচবির শেয়ার।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৭ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৬ শতাংশ। ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ৪ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া কাগজ খাতে ৪ দশমিক ৫ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৪ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৫ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে একমাত্র ইতিবাচক রিটার্ন এসেছে সেবা খাতে, দশমিক ২ শতাংশ।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২ শতাংশ কমে ১৫ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৮০৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ২ দশমিক শূন্য ৫ শতাংশ কমে ৯ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৬২৮ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে প্রায় ৩১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত ছিল ১২টির শেয়ারদর।
Read this report in English · ইংরেজি সংস্করণ
