মাদারীপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান

প্রতিবেদন:

·

, ,

মাদারীপুরে ১৫ আগস্টকে ঘিরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে এক নেতাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন তারা।

শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে একজনের মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। পরে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাশার মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কারা মোটরসাইকেল শোডাউন করেছে, তা তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি বলেন, তাদের দলের মোটরসাইকেল শোডাউনে কেউ এ ধরনের স্লোগান দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। সংঘাত বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই। কেউ এ ধরনের স্লোগান দিয়ে থাকলে বিষয়টি আইনবহির্ভূত হবে। ঘটনা তদন্ত করে দেখা হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ