এমপিও শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণায় জামায়াতের আপত্তি

প্রতিবেদন:

·

, , ,

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের নিয়োগ বাতিলেরও দাবি করেছে দলটি।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের কাছে ৯ দফা প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আসছেন। তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখতে হবে।

এ ছাড়া, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়া মো. সামসুল আলমকে বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আহ্বান জানায় জামায়াত। দলটির দাবি, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ গ্রহণযোগ্য নয়।

বৈঠকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানায় জামায়াত।

Read this report in English · ইংরেজি সংস্করণ