সংসদে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল: শিক্ষামন্ত্রী

প্রতিবেদন:

·

,

১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি জাতীয় সংসদ অধিবেশনেই সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ শিক্ষা খাতের সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।