বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার নতুন শর্ত যুক্ত করা হয়েছে। তবে ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণের বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকের সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হবে। নতুন খসড়ায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের নির্দিষ্ট শর্ত তুলে দেওয়া হলেও প্রতিষ্ঠানের বয়স ন্যূনতম ২৫ বছর করার বিধান যুক্ত হয়েছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
নতুন খসড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের যোগ্যতা নির্ধারণের শর্তেও পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। তবে প্রতিষ্ঠানের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ পর্যাপ্ত পরিমাণ শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে।
সরকারি সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দের লিখিত আদেশ থাকতে হবে। ওই জমি বিদ্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত টয়লেটসহ পর্যাপ্ত ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য ভবনে র্যাম্পের ব্যবস্থাও রাখতে হবে।
নতুন খসড়ায় ন্যূনতম শিক্ষার্থী সংখ্যার শর্ত বাদ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আলাদা ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণ করতে হবে।পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত থাকতে হবে।
গ্রন্থাগারের ক্ষেত্রে আগের শর্তগুলো বহাল রাখা হয়েছে। নতুন খসড়া অনুযায়ী, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে তিন হাজার বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার এবং উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের গ্রন্থাগারে কমপক্ষে ১০ হাজার বই রাখার শর্ত রয়েছে। সহশিক্ষা কার্যক্রমের শর্তেও কোনো পরিবর্তন আনা হয়নি। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাংগুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। এসব কর্মকাণ্ডে শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি বা কম্পিউটার ল্যাব থাকার শর্তও বহাল রয়েছে। জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকারের শর্তেও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও তুলনামূলক কম শিক্ষার হার থাকা এলাকার প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে এলাকাভিত্তিক অবস্থান বিবেচনা করা হবে।
তবে বিশেষ বিবেচনায় সরকার নীতিমালার যেকোনো শর্ত শিথিল করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। নীতিমালার কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।জানা গেছে, ২০২৬ সালে সারা দেশে ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে।
সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় ঢাকা বিভাগের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রাজশাহী বিভাগে জাতীয়করণ অথবা সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি নয়টি রয়েছে। এ ছাড়া নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাঁপাইনবাবগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। রংপুর অঞ্চলের তালিকায় রয়েছে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচটি, পঞ্চগড়ের দুটি এবং দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর একটি করে প্রতিষ্ঠান রয়েছে। খুলনা বিভাগে জাতীয়করণ বা সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান।
ময়মনসিংহ বিভাগের তালিকায় থাকা দুটি প্রতিষ্ঠান হলো আস্কর আলী উচ্চ বিদ্যালয় ও মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
