সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ রায় দেয় দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক বিবৃতিতে আদালতের প্রধান বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে মাঠপর্যায়ে অপরাধ সংঘটনকারীদের কাছে দেওয়া নির্দেশ এবং সামরিক ও প্রশাসনিক কমান্ড কাঠামোর মধ্য দিয়ে আসাদের দায়বদ্ধতা প্রতিষ্ঠার মতো প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। মাঠপর্যায়ে অপরাধ সংঘটনকারীদের কাছে সরাসরি নির্দেশ পাঠানোর সঙ্গে তার সম্পৃক্ততার নথিও আদালত পর্যালোচনা করেছে।
বিচারক আল-আরিয়ান বলেন, কেবল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কারণে আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।
এর আগে গত ১১ আগস্ট চতুর্থ ফৌজদারি আদালত বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং পলাতক আরও সাত কর্মকর্তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান আতেফ নাজিবকে আদালতে উপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০১১ সালে সিরিয়ার দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় সংঘটিত অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, বেআইনিভাবে আটক রাখা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ।
আদালতের আগস্টের ওই রায়টি ৩৯৬ পৃষ্ঠার একটি বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয়। এতে অপরাধের বিবরণ, বিভিন্ন প্রমাণ এবং সিরিয়ার বিপ্লবের শুরুর দিকে দারায় ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে ভুক্তভোগী ও সাক্ষীদের জবানবন্দি তুলে ধরা হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
