প্রশ্নফাঁসের ঘটনায় যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণ চান ডাকসুর ভিপি

প্রতিবেদন:

·

,

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং অধিদপ্তরের মহাপরিচালককে অপসারণসহ চার দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান তিনি।

সাদিক কায়েমের চার দাবির মধ্যে রয়েছে- প্রশ্নফাঁসে জড়িত সব সিন্ডিকেট শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনা চিরতরে বন্ধ করা; প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা; প্রশ্নফাঁসে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার, তদন্ত ও বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনায় ক্ষতিপূরণ দেওয়া।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি চাকরিপ্রার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষার আয়োজনও করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়কে তারা সড়ক অবরোধ করেন। মিরপুরে বাঙলা কলেজের মূল ফটকের সামনেও বিক্ষোভের খবর পাওয়া যায়।

Read this report in English · ইংরেজি সংস্করণ