স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে।’
আজ শনিবার (২১নভেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে। একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না।’
মানবিক দৃষ্টিকোণ থেকে গুম, খুন বা হত্যার মাধ্যমে সরকার কাউকে দমন করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ ও স্বাধীনতার প্রয়োজনে জনগণ যা চাইবে, সরকার তাই করবে।’
আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দলটি পেট্রোল বোমা মেরে ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নতুন করে নিজেদের আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন— সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।
Read this report in English · ইংরেজি সংস্করণ
