মাগুরায় বৃষ্টিতে ১৯৮ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

প্রতিবেদন:

·

,

মাগুরায় সাম্প্রতিক বৃষ্টিতে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ১৯৮ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেটে রাখা আমনের পাশাপাশি সরিষা, মসুর, পেঁয়াজ, পেঁয়াজের বীজতলা ও শীতকালীন সবজির জমি রয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ উঠলে ধানের খড় বা বিচালির কিছুটা ক্ষতি হলেও মূল ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইতোমধ্যে বেশির ভাগ ক্ষেত থেকে পানি সরে গেছে।

অতিবৃষ্টির প্রভাবে জমিতে প্রয়োজনীয় জো না আসায় রবি মৌসুমের আবাদ পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মাগুরা জেলায় রোপা আমন, শীতকালীন সবজি, পেঁয়াজ, পেঁয়াজের বীজতলা, মসুর ও সরিষাসহ মোট ৭৪ হাজার ৯৯৯ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে আক্রান্ত হয়েছে ১৯৮ হেক্টর জমি।

ফসলভিত্তিক হিসাবে দেখা যায়, জেলায় ৬২ হাজার ৪৭৪ হেক্টর রোপা আমন আবাদের মধ্যে ১১৮ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২ হাজার ১৪০ হেক্টর শীতকালীন সবজির মধ্যে ১৮ হেক্টর, ৭২২ হেক্টর পেঁয়াজের মধ্যে ৮ হেক্টর, ২০ হেক্টর পেঁয়াজের বীজতলার মধ্যে ৭ হেক্টর, ২ হাজার ১৯৫ হেক্টর মসুরের মধ্যে ১৫ হেক্টর এবং ৭ হাজার ৪৪৮ হেক্টর সরিষার মধ্যে ৩২ হেক্টর জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন জানান, জেলায় ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে এবং এ থেকে ২ লাখ ৩৭ হাজার ৪০২ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় ৭০ হেক্টর কর্তিত আমন ধানের জমি, ২৫ হেক্টর সরিষা, ১০ হেক্টর মসুর, ৩ হেক্টর মুড়ি পেঁয়াজ, ৩ হেক্টর পেঁয়াজের বীজতলা, ১২ হেক্টর শীতকালীন সবজি, ২ হেক্টর ধনিয়া এবং ১ হেক্টর করে মটর ও খেসারির জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ফসলের জমি আক্রান্ত হয়েছে, যার মধ্যে কাটা আমন ধান ও রবি ফসল রয়েছে। অধিকাংশ জমি থেকে পানি নেমে গেছে। বৃষ্টি থেমে পর্যাপ্ত রোদ উঠলে ধানের বড় ক্ষতির শঙ্কা কম, তবে ভিজে যাওয়া বিচালি শুকানো ও সংরক্ষণ নিয়ে কৃষকদের দুশ্চিন্তা রয়েছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, জেলায় ৪২টি কম্বাইন্ড হারভেস্টার থাকলেও বিচালি সংগ্রহের প্রয়োজনে অনেক কৃষক যন্ত্রে ধান কাটতে অনাগ্রহী। প্রচলিত পদ্ধতিতে শ্রমিক দিয়ে ধান কাটলে গবাদিপশুর খাদ্য ও জ্বালানি হিসেবে বিচালি অক্ষত রাখা যায় বলে শ্রমিকনির্ভর কাটাইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

সদরের কৃষক সজিব বলেন, বৃষ্টিতে কাটা ধান ও বিচালি ভিজে যাওয়ায় ভোগান্তি বেড়েছে, পাশাপাশি শ্রমিক খরচও বেশি পড়ছে।

আরেক কৃষক ইদুল জানান, বিচালির প্রয়োজনে তাঁরা হারভেস্টার ব্যবহারে আগ্রহী নন; তবে সময়মতো জমি শুকিয়ে রবি ফসলের আবাদ শুরু করতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, আক্রান্ত জমির পরিমাণ মোট আবাদি জমির তুলনায় কম হলেও মৌসুমি আবাদসূচির কারণে বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেঁয়াজের বীজতলা, শীতকালীন সবজি ও মসুরের জমি নিয়মিত পর্যবেক্ষণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া জরুরি। বৃষ্টি বন্ধ হয়ে দ্রুত জমিতে জো ফিরে এলে রবি ফসলের আবাদ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

Read this report in English · ইংরেজি সংস্করণ