‘দলীয় প্রতীক নয়, প্রয়োজন কার্যকর বিকেন্দ্রীকরণ’: ড. ফেরদৌস আরফিনা ওসমান

প্রতিবেদন:

·

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা, সংস্কারের প্রয়োজনীয়তা, প্রশাসনিক ও আর্থিক বিকেন্দ্রীকরণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ও জবাবদিহি নিয়ে বিডি গ্লোবাল টাইমসের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ড. ফেরদৌস আরফিনা ওসমান। সাক্ষাৎকারে তিনি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার, নারীর প্রতিনিধিত্ব এবং তৃণমূল পর্যায়ে জনসেবা নিশ্চিত করার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত করে গড়ে তুলতে প্রয়োজনীয় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।


প্রশ্ন ১: আপনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিশন ২০২৫ সালের এপ্রিলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এখন পেছনে ফিরে তাকালে কমিশনের কোন সুপারিশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আর সেগুলোর কতটুকু বাস্তবায়িত হয়েছে?


উত্তর: বাংলাদেশের ইতিহাসে ২০২৫ সালের স্থানীয় সরকার সংস্কার কমিশন ছিল জাতীয় পর্যায়ে গঠিত অষ্টম কমিশন, যার দায়িত্ব ছিল স্থানীয় সরকারব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। কমিশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, স্বায়ত্তশাসিত এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য বাস্তবসম্মত পদক্ষেপের সুপারিশ করা।
বিভিন্ন গবেষণার ফলাফল, পূর্ববর্তী কমিশনগুলোর সুপারিশ, দেশের সাতটি বিভাগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং ৬৪টি জেলার ৪৬ হাজার ৮০ জনের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে কমিশন স্থানীয় সরকার সংস্কারের জন্য ৫১টি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করে। কিন্তু এখন পর্যন্ত বর্তমান সরকার এসব সুপারিশের মাত্র একটি গ্রহণ করেছে।


কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল স্থানীয় সরকার নির্বাচনকে পুনরায় নির্দলীয় ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া, যা ২০১৫ সালের আগে প্রচলিত ছিল। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট স্থানীয় সরকার আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চালু করে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলো ব্যাপক সহিংসতাপূর্ণ হয়ে ওঠে, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দুর্বল হয়, সামাজিক সম্পর্ক ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় শাসন ব্যবস্থার কার্যকারিতা কমে যায়।
ইতিবাচক বিষয় হলো, ২০২৬ সালের ৯ এপ্রিল বর্তমান জাতীয় সংসদ বিদ্যমান আইন থেকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান বাতিল করেছে। এই সিদ্ধান্ত শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক স্থানীয় সরকার নির্বাচনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে বলে আশা করা যায়।তবে দু:খের বিষয়, কমিশনের অধিকাংশ সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে তিনটি মৌলিক ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।


১. কাঠামোগত সংস্কার


বর্তমান স্থানীয় সরকারব্যবস্থা খণ্ডিত, কাঠামোগতভাবে অসংগতিপূর্ণ এবং সমন্বয়ের দিক থেকে দুর্বল। গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে দেশে পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে।
গ্রামীণ পর্যায়ে রয়েছে তিন স্তরের প্রতিষ্ঠান—জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
অন্যদিকে শহরাঞ্চলে রয়েছে দুটি প্রতিষ্ঠান—বড় শহরে সিটি করপোরেশন এবং ছোট শহরে পৌরসভা।
গ্রামীণ স্থানীয় সরকারব্যবস্থায় শুধু ইউনিয়ন পরিষদের সব নির্বাচিত পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। তবে উপজেলার অন্তর্গত নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও উপজেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, যদিও উপজেলা পরিষদ পরিচালনার জন্য তাঁদের সরাসরি নির্বাচনী ম্যান্ডেট থাকে না।
অন্যদিকে জেলা পরিষদ গঠিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। জেলার অন্তর্গত নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা জেলা পরিষদের গঠনে ভূমিকা রাখলেও জেলা পরিষদ পরিচালনার জন্য তাঁদের সরাসরি জনপ্রতিনিধিত্বের ম্যান্ডেট নেই। এই ব্যবস্থার ফলে কাঠামোগত দুর্বলতা এবং জবাবদিহির ঘাটতি তৈরি হয়, যা জেলা পরিষদের কার্যকর পরিচালনাকে বাধাগ্রস্ত করে।
তবে শহরাঞ্চলে সিটি করপোরেশন ও পৌরসভা উভয়ই গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠান।
কমিশন সুপারিশ করেছে, স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান—জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ কাঠামো গড়ে তুলতে হবে। বিশেষভাবে প্রতিটি স্তরে যৌক্তিক ওয়ার্ডব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো একটি অভিন্ন নীতির ভিত্তিতে পরিচালিত হতে পারে।
এ ছাড়া গ্রামীণ ও শহরাঞ্চলের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর পরিচালনার জন্য একই ধরনের সাংগঠনিক কাঠামো প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে প্রচলিত সংসদীয় সরকারব্যবস্থার আদলে কমিশন প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দুটি পৃথক অংশ রাখার প্রস্তাব দিয়েছে—একটি আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী পরিষদ এবং অন্যটি নির্বাহী পরিষদ।
নীতিনির্ধারণী পরিষদে চেয়ারম্যান বা মেয়রসহ সব নির্বাচিত সদস্য এবং স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।
অন্যদিকে নির্বাহী পরিষদ গঠিত হবে চেয়ারম্যান এবং পাঁচ থেকে ছয়জন পূর্ণকালীন সদস্যের সমন্বয়ে। তাঁরা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে চেয়ারম্যান এবং নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচন করবেন।
উল্লেখ্য, ভারতেও ১৯৯২ সালে সংবিধানের ৭৩তম ও ৭৪তম সংশোধনীর মাধ্যমে গ্রামীণ ও শহরাঞ্চলের স্থানীয় সরকারব্যবস্থার জন্য অনুরূপ সাংবিধানিক কাঠামো প্রবর্তন করা হয়, যা ১৯৯৩ সালে কার্যকর হয়।
এ ধরনের ব্যবস্থা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চেয়ারম্যান বা মেয়রের হাতে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ কমাতে সাহায্য করবে। পাশাপাশি নির্বাচিত সদস্যরা সিদ্ধান্ত গ্রহণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এর ফলে ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক চর্চা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহি শক্তিশালী হবে।
২. নির্বাচনী সংস্কার

বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থায় জরুরি ভিত্তিতে নির্বাচনী সংস্কার প্রয়োজন। এই সংস্কার কাঠামোগত সংস্কারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন সময়ে, পৃথক আইন ও পদ্ধতির অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক করতে হলে প্রথমেই জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি স্তরে যৌক্তিক সংখ্যক ওয়ার্ড নির্ধারণ করতে হবে।বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোর আয়তন ও জনসংখ্যার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। কোনো ইউনিয়ন আয়তনে অনেক বড়, আবার কোনোটি তুলনামূলকভাবে ছোট। ইউনিয়নগুলোর আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার থেকে ১৫০০ বর্গকিলোমিটার পর্যন্ত হতে পারে।
একইভাবে জনসংখ্যার ক্ষেত্রেও বড় বৈষম্য রয়েছে। কোনো ইউনিয়নে প্রায় চার হাজার মানুষ বসবাস করে, আবার কোনো ইউনিয়নে জনসংখ্যা চার লাখ পর্যন্ত হতে পারে। অথচ সব ইউনিয়ন পরিষদেই নয়টি করে ওয়ার্ড রয়েছে।এর ফলে সম্পদ বণ্টন ও সেবা প্রদানে দক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হয় না।
কমিশন প্রস্তাব করেছে, জনসংখ্যার ভিত্তিতে ইউনিয়ন পরিষদে ৯ থেকে ৩৯টি পর্যন্ত ওয়ার্ড থাকতে পারে। আনুমানিক ১২০০ থেকে ১৫০০ জন মানুষ নিয়ে এক একটি ওয়ার্ড গঠিত হবে।
অন্যদিকে উপজেলা পরিষদ ও জেলা পরিষদে বর্তমানে কোনো ওয়ার্ডব্যবস্থা নেই। কমিশন মনে করে, ইউনিয়ন পরিষদের মতো উপজেলা ও জেলা পরিষদেও সুনির্দিষ্ট নির্বাচনী ওয়ার্ড গঠন করা যেতে পারে।
উদাহরণস্বরূপ, উপজেলা পরিষদের নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ইউনিয়নকে তিনটি ওয়ার্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে। সে ক্ষেত্রে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলায় মোট ১৫টি নির্বাচনী ওয়ার্ড থাকবে।একইভাবে জেলা পরিষদের নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি উপজেলাকে আয়তন ভেদে তিন থেকে পাঁচটি ওয়ার্ডে ভাগ করা যেতে পারে।
উল্লেখ্য, এসব ওয়ার্ড শুধু নির্বাচনী উদ্দেশ্যে গঠন করা হবে, যাতে প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয় এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়ে।
জাতীয় পর্যায়ের সংসদীয় সরকারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন চেয়ারম্যান/ মেয়র পদে সরাসরি নির্বাচনের বিধান বাতিলের সুপারিশ করেছে।
এর পরিবর্তে জনগণ সরাসরি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য বা কাউন্সিলর নির্বাচন করবেন। পরে নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করবেন।
কমিশনের পর্যবেক্ষণ হলো, বর্তমান ব্যবস্থায় চেয়ারম্যান বা মেয়রের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ফলে অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান কার্যত একজন ব্যক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অন্য নির্বাচিত সদস্যদের সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ খুবই সীমিত, এমনকি কখনো একেবারেই থাকে না।
ক্ষমতার এই ভারসাম্যহীনতা দূর করতে কমিশন পূর্বে উল্লেখিত উপায়ে পরোক্ষভাবে চেয়ারম্যান বা মেয়র নির্বাচনের প্রস্তাব দিয়েছে। এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভেতরে ক্ষমতার সুষম বণ্টন নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হবে বলে আশা করা যায়।
৩. আইনগত সংস্কার
বর্তমানে দেশের স্থানীয় সরকারব্যবস্থা পাঁচটি পৃথক আইন এবং শত শত বিধিবিধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর কারণ হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একই সময়ে গড়ে ওঠেনি।
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আইনের পাশাপাশি অসংখ্য পরিপত্র ও গেজেট জারির মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়েছে।
এত বেশি আইন ও বিধিবিধান থাকার ফলে স্থানীয় সরকার পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি হয়, দায়িত্ব ও কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটে এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ও দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে স্থানীয় পর্যায়ে জনসেবা প্রদানের মান ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে সময়ে সময়ে পরিপত্র ও গেজেট জারির সুযোগ থাকায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়।
এ অবস্থা থেকে পরিত্রানের লক্ষ্যে ২০০৮ সালের শওকত আলী কমিশনের সুপারিশ অনুসরণ করে ২০২৫ সালের স্থানীয় সরকার সংস্কার কমিশনও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি সমন্বিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেছে।
এ ক্ষেত্রে কমিশন গ্রামীণ ও শহরাঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য দুটি পৃথক সমন্বিত আইন (Umbrella law) প্রণয়নের সুপারিশ করেছে।
প্রশ্ন ২: ২০২৪ সালের আগস্টের পর থেকে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাগুলো মূলত নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে জনসেবা ও জবাবদিহিতা ওপর কী ধরনের প্রভাব পড়েছে?


উত্তর: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেক নির্বাচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নিজ নিজ এলাকা ছেড়ে চলে যান। ফলে তাঁদের পদ শূন্য হয়ে পড়ে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখার জন্য অন্তর্বর্তী সরকার এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়।
সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠিত হবে। তাই নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলে আইনত তা আর স্থানীয় সরকার থাকে না। বরং কার্যত তা স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা পালন করে। নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো একইভাবে জনসেবা প্রদান করা এ প্রতিষ্ঠানগুলোর পক্ষে সব সময় সম্ভব হয় না।
সাধারণত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রত্যাশার প্রতি তাঁদের সাড়া দেওয়ার সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত থাকে।
অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। ফলে কার্যকরভাবে জনসেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের দায়বদ্ধতা ও আগ্রহ বেশি থাকে।
এ ছাড়া সাধারণ মানুষ নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের কাছের মানুষ বলে মনে করেন। জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে এই পারস্পরিক সম্পর্ক জনসেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা, জনমুখিতা এবং জবাবদিহিতা বাড়ায়।
কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যখন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হয়, তখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি দেখা দেয় যা সরাসরি প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় পরিসেবাগুলোর মানকে প্রভাবিত করে।
প্রশ্ন ৩: নির্বাচন কমিশন নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা থেকে সরে এসে আগামী বছরের প্রথমার্ধে, অর্থাৎ ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে কী প্রয়োজন? আর এই নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত, নাকি নির্দলীয়ভাবে?


উত্তর: হ্যাঁ, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করছি, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে।
ইতোমধ্যে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া ২০২৫ সালের স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্ত সরকার সম্প্রতি নিয়েছে, তা নির্বাচনী সহিংসতা কমাতে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করি।
তবে একটি গ্রহণযোগ্য স্থানীয় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচনী আচরণ বিধি যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার স্থানীয় পর্যায়ে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিষয়টিও বিবেচনা করতে পারে।
প্রশ্ন ৪: কমিশন সরাসরি ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের পরিবর্তে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে তাঁদের নির্বাচনের সুপারিশ করেছে। এই পরিবর্তন ভোটার এবং স্থানীয় পরিষদগুলোর জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে?


উত্তর: আগেই বলেছি, বর্তমান ব্যবস্থায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অনেকাংশেই একজন ব্যক্তির কর্তৃত্বে পরিচালিত হয়। চেয়ারম্যান বা মেয়রের হাতে সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ফলে অন্য নির্বাচিত সদস্যদের কার্যকর ভূমিকা পালনের সুযোগ সীমিত হয়ে যায়।
কিন্তু নির্বাচন যদি শুধু সদস্য বা কাউন্সিলর পদে অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করেন, তাহলে সদস্যদের ক্ষমতা ও গুরুত্ব বাড়বে।
সে ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়রকে পরিষদের অন্য নির্বাচিত সদস্যদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
এই পারস্পরিক নির্ভরশীলতা একজন ব্যক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া রোধ করতে সহায়ক ভূমিকা পালন করবে । একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চাকে আরও শক্তিশালী করবে। যার ফলে প্রতিষ্ঠানগুলো দক্ষ ও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে সরকারি পরিসেবাসমূহ আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়ে উঠবে।
প্রশ্ন ৫: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখনো কেন্দ্রীয় সরকারের অনুদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে আর্থিক ক্ষমতা ও প্রশাসনিক কর্তৃত্বের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন প্রয়োজন?


উত্তর: প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীভূত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত করতে হবে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে আর্থিক ও প্রশাসনিক—উভয় ক্ষেত্রেই বিকেন্দ্রীকরণ প্রয়োজন।
বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
পৌরসভা ও সিটি করপোরেশন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পৃথকভাবে কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ বা অনুদান দেওয়া হয়।
পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা নানা ধরনের খাতভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করে। কিন্তু এসব প্রকল্পের মধ্যে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনেক সময় প্রয়োজনীয় সমন্বয় থাকে না।
ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেদের বাজেট পরিচালনা এবং স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে খুব সামান্য স্বাধীনতা পায়, কখনো কখনো একেবারেই পায় না।
আর্থিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে ২০২৫ সালের কমিশন একটি সমন্বিত ও বিকেন্দ্রীভূত ‘জেলা পরিকল্পনা’ প্রণয়নের সুপারিশ করেছে।এই পরিকল্পনার মধ্যে জেলা এবং জেলার অন্তর্গত উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনাগুলো অন্তর্ভুক্ত থাকবে।


পাশাপাশি, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্রকল্পগুলোও এই পরিকল্পনার আওতায় আনতে হবে।জেলার জন্য বরাদ্দ করা অর্থ কীভাবে বণ্টন করা হবে এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী কোন খাতে কতটা ব্যয় করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা পর্যায়েই থাকা উচিত।
এই পদ্ধতি স্থানীয় পর্যায়ে আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করবে, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াবে এবং জনগণের প্রকৃত চাহিদা অনুযায়ী সরকারি সম্পদের ব্যবহার নিশ্চিত করবে।
বাংলাদেশের সংবিধানেও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নির্দেশনা রয়েছে।
সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি প্রশাসনিক এককে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান থাকার কথা।
কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয়ও প্রায় একই ধরনের দায়িত্ব পালন করে। এর ফলে অনেক ক্ষেত্রে একই কাজ একাধিক প্রতিষ্ঠান করে, সমন্বয়ের অভাব দেখা দেয় এবং সরকারি সম্পদের অপচয় হয়।
সরকার ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ৯টি এবং উপজেলা পর্যায়ে ১৬টি বিভাগের দায়িত্ব হস্তান্তর করেছে। কিন্তু সংশ্লিষ্ট অর্থ, জনবল ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষমতা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে পুরোপুরি হস্তান্তর করা হয়নি। ফলে এসব দায়িত্ব হস্তান্তর এখনো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে কার্যকর করতে হলে শুধু কাগজে কলমে দায়িত্ব হস্তান্তর করলেই হবে না; দায়িত্বের সঙ্গে প্রয়োজনীয় অর্থ এবং জনবলও সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হাতে দিতে হবে।
তাহলেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। একই সঙ্গে প্রশাসনিক কাজের পুনরাবৃত্তি কমবে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে।
প্রশ্ন ৬: সংসদ সদস্যদের কি স্থানীয় সরকার পরিষদে কোনো আনুষ্ঠানিক ভূমিকা থাকা উচিত? নাকি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার—এই দুটি ব্যবস্থাকে পৃথক রাখা প্রয়োজন?


উত্তর: ভৌগোলিকভাবে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী এলাকা একই হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের কোনো আনুষ্ঠানিক ভূমিকা স্থানীয় স্বায়ত্তশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এটা পরিহার করা উচিত। এর পেছনে প্রধান যুক্তিগুলো নিম্নরুপ:
প্রথমত, সংসদ সদস্যরা আইনপ্রণেতা। তাঁদের মূল দায়িত্ব আইন প্রণয়ন করা এবং জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা। তাই তাঁদের প্রধান কাজ হওয়া উচিত জনগণের সমস্যা, দাবি ও উদ্বেগ জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং জনগণের কণ্ঠস্বর সেখানে পৌঁছে দেওয়া।
দ্বিতীয়ত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সরকারের নির্বাহী বিভাগের অংশ। অন্যদিকে সংসদ সদস্যরা আইন বিভাগের সদস্য। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের আনুষ্ঠানিক কর্তৃত্ব দেওয়ার অর্থ হবে রাষ্ট্রের ক্ষমতা পৃথকীকরণের নীতিকে দুর্বল করা।
তৃতীয়ত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রাখা প্রয়োজন, যাতে জাতীয় পর্যায়ে সংসদ সদস্যদের রাজনৈতিক প্রভাব উপজেলা চেয়ারম্যান তথা উপজেলা পরিষদের ক্ষমতা ও অস্তিত্বের প্রাসঙ্গিকতাকে খর্ব করতে না পারে।
উপজেলা চেয়ারম্যানরা উপজেলা পরিষদের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন। কিন্তু সংসদ সদস্যরা যদি স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণে আনুষ্ঠানিক ভূমিকা পান, তাহলে তাঁরা স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রাধান্য বিস্তার করতে পারেন। এর ফলে, উপজেলা পরিষদের স্বায়ত্তশাসন, কর্তৃত্ব এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
চতুর্থত, উপজেলা পরিষদের সংসদ সদস্যের কোন রকম আনুষ্ঠানিক ভূমিকা থাকা সংবিধান বিরোধী। বাংলাদেশ সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় সরকার পরিচালনা করবে, সংসদ সদস্যরা উপজেলা পরিষদের জন্য নির্বাচিত নন, এর কাছে তার কোন জবাব দিহিতা ও নেই এবং তাকেঁ অপসারণের ক্ষমতাও পরিষদের নেই।
এমতাবস্থায়, সংসদ সদস্যের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদানের অর্থ স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা উপজেলার সাংবিধানিক ক্ষমতা হরণ করা।


প্রশ্ন ৭: স্থানীয় সরকার পরিষদগুলোতে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু এসব আসনে নির্বাচিত নারী প্রতিনিধিরা কি বাস্তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পান? তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কী পরিবর্তন প্রয়োজন?


উত্তর: স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু বাস্তবে এই ব্যবস্থা প্রত্যাশিত ফল দিতে পারেনি।
১৯৯৭ সালের ইউনিয়ন পরিষদ আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত তিনটি আসনে সরাসরি নির্বাচনের বিধান চালু করা হয়।
এই ব্যবস্থায় একজন নির্বাচিত নারী সদস্য তিনটি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। অথচ ওই তিনটি ওয়ার্ডের প্রতিটিতেই আলাদাভাবে একজন করে নির্বাচিত সাধারণ সদস্য থাকেন, যাঁরা সাধারণত পুরুষ।
ফলে নারী ও পুরুষ সদস্যদের দায়িত্ব ও কার্যক্ষেত্রের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব এবং overlapping বা এখতিয়ারের পুনরাবৃত্তি দেখা দেয়। অনেক ক্ষেত্রেই পুরুষ সদস্যরা সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করেন।
এ কারণে বর্তমান ব্যবস্থা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
নারীদের অংশগ্রহণ আরও অর্থবহ করতে কমিশনের সুপারিশ হলো, স্থানীয় সরকারের সব ধরনের প্রতিষ্ঠানের মোট ওয়ার্ডের ৩০ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে যেখানে নারীরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
তবে এই সংরক্ষণ স্থায়ীভাবে নির্দিষ্ট কিছু ওয়ার্ডে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমিক বা রোটেশন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে।


উদাহরণস্বরূপ, বর্তমান ইউনিয়ন পরিষদ কাঠামোয় নয়টি ওয়ার্ড রয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, পর পর তিনটি নির্বাচনের মাধ্যমে সব নয়টি ওয়ার্ডেই নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।
ধরা যাক, ২০২৬ সালের নির্বাচনে তিনটি ওয়ার্ড নারীদের জন্য সংরক্ষিত থাকবে। পাঁচ বছর পর পরবর্তী নির্বাচনে অন্য তিনটি ওয়ার্ড নারীদের জন্য সংরক্ষিত হবে। এরপর তৃতীয় নির্বাচনে অবশিষ্ট তিনটি ওয়ার্ডে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।এভাবে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে নারীদের সরাসরি প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে।


প্রশ্ন ৮: সবশেষে জানতে চাই, জেলা ও গ্রামপর্যায়ে সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কার কোনটি বলে আপনি মনে করেন?


উত্তর: রাষ্ট্র সেবাকে তৃণমূলের মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানোর জন্য সুনিদিষ্টভাবে একটি মাত্র সংস্কার চিহ্নিত করা কঠিন।
তবে সামগ্রিকভাবে বলতে গেলে একটি কার্যকর বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন এবং তার সফল বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে জনসেবা প্রদানের মান উন্নত করতে সক্ষম।
এই বিকেন্দ্রীকরণ শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; আর্থিক ক্ষমতারও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় জনগণের প্রয়োজন অনুযায়ী কোন খাতে কত অর্থ ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে হবে।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনা স্থানীয় পর্যায়েই, বিশেষ করে জেলা পর্যায়ে, প্রণয়ন করা উচিত।
এ জন্য স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘জেলা পরিকল্পনা’ বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং ধারণাটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
এই ব্যবস্থার মাধ্যমে স্থানীয় জনগণের প্রকৃত প্রয়োজনকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আনা সম্ভব হবে।