দেশে ডেঙ্গুর সংক্রমণের পাশাপাশি বাড়ছে হাম ও এর উপসর্গের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। একই সময়ে হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৯১, খুলনায় ১৪১, রাজশাহীতে ১২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, চট্টগ্রামে ১০৫, ঢাকা উত্তর সিটিতে ১১০, ময়মনসিংহে ৮০, রংপুরে ৭২ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪১৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। এর মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনে মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৯৭ জন। আক্রান্তদের ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৭ শিশু আক্রান্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৪২ জনের। এ সময়ে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের তিন শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭। এর মধ্যে সন্দেহজনক রোগী ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৯ জনের হামের উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।
