ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

প্রতিবেদন:

·

,

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।

বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।

বিভাগভিত্তিক হিসাবে, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, রাজশাহীতে ২৩০ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ১০০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ১ হাজার ৩১ জন।