দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৬ শিশু। এ ছাড়া নতুন করে ৮৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৯২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৯ শিশু।
