এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল নজিরবিহীন আয়োজন। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের তুলনায় প্রায় দ্বিগুণসংখ্যক মানুষ তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন।
সবচেয়ে বড় চমক, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে স্বয়ং হাজির হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত দশক পর চীনের কোনো শীর্ষ নেতার এমন উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে ফুলের তোড়া ও যুক্তরাষ্ট্র এবং চীনের জাতীয় পতাকা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন চীনা তরুণ-তরুণীরা। অভ্যর্থনা অনুষ্ঠানে ছিল সামরিক ব্যান্ডের পরিবেশনা।
লালগালিচা বিছিয়ে দেয়া হয় ট্রাম্পের প্রেসিডেন্টবাহী বিমানের সামনে। এ সময় চীনের সামরিক বাহিনীর সম্মানরক্ষীরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। উপস্থিত জনতা ‘উষ্ণ অভ্যর্থনা’ স্লোগান দিলে ট্রাম্পকে হাসিমুখে হাততালি দিতে দেখা যায়।
তবে এবারের সফরে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল শি জিনপিংয়ের ব্যক্তিগতভাবে বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাম্পকে স্বাগত জানানো। বিমান থেকে নামার সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে শিকে অভিবাদন জানান। পরে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা দুই নেতা সংক্ষিপ্ত আলিঙ্গনে মিলিত হন।
প্রায় সাত দশকের মধ্যে এই প্রথম চীনের কোনো শীর্ষ নেতা বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে গেলেন। এর আগে ১৯৫৯ সালে তৎকালীন চীনা নেতা মাও সেতুং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন। সেই ঘটনার পর এবারই প্রথম এমন দৃশ্য দেখা গেল।
শি জিনপিংয়ের এই উপস্থিতির কারণে ট্রাম্পকে বহনকারী যুক্তরাষ্ট্র ও চীনের সম্মিলিত মোটরবহরও ছিল বেশ বড়। এতে ২০টির বেশি লিমুজিন গাড়ি ছিল। এর আগে গত মে মাসে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে গিয়েও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছিলেন ট্রাম্প। সেবার বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ওই সফরে দুই দেশের নেতারা কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছিলেন।
এদিকে ট্রাম্পের আগমনের আগে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাকে বিমানবন্দরে স্বাগত জানান চীনের পঞ্চম সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা সাই ছি। ট্রাম্পের সফরকে ঘিরে চীনের বিশেষ আয়োজনের বিষয়টি তাই আরও বেশি আলোচনায় এসেছে।
আকাশে চীনের যুদ্ধবিমানের মহড়া
ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতায় বাড়তি মাত্রা যোগ করে চীনের বিমানবাহিনীর যুদ্ধবিমানের প্রদর্শনী। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমানবাহিনীর আগস্ট ফার্স্ট অ্যারোবেটিক দলের পাঁচটি জে-১০সি যুদ্ধবিমান বিমানবন্দরের আকাশে উড়ে যায়। এ সময় বিমানগুলো থেকে লাল, হলুদ ও নীল রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চায়না নিউজ সার্ভিসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে এই প্রদর্শনীর দৃশ্য দেখা গেছে। এর আগে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছিল, গুয়াংডং প্রদেশে ওই অ্যারোবেটিক দলের তৎপরতা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রদেশটির আকাশে জে-১০সি যুদ্ধবিমানের মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
জে-১০সি যুদ্ধবিমান চীনের এই অ্যারোবেটিক দলের প্রদর্শনীতে নিয়মিত ব্যবহার করা হয়। লাল, হলুদ ও নীল রঙের ধোঁয়া ছড়িয়ে আকাশে বিভিন্ন আকৃতি তৈরির মাধ্যমে দলটি বিশেষ অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে থাকে। তবে জে-১০ যুদ্ধবিমান সাম্প্রতিক সময়ে সামরিক ও আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ আলোচনায় এসেছে। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় পাকিস্তানের ব্যবহৃত রপ্তানিযোগ্য জে-১০সিই যুদ্ধবিমান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সেই ঘটনার পর আন্তর্জাতিকভাবে বিমানটির সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
চীনের এই আকাশ প্রদর্শনীর সঙ্গে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংয়ের আগমনের সময়ের আয়োজনেরও তুলনা করা হচ্ছে। সেবার ট্রাম্পের আয়োজনে বি-১বি বোমারু বিমান এবং এফ-২২ ও এফ-১৬ যুদ্ধবিমানের উড্ডয়ন প্রদর্শনী হয়েছিল। বিমানগুলোর বিকট শব্দে ট্রাম্পকে দৃশ্যত অস্বস্তি প্রকাশ করতে দেখা গেলেও শি ছিলেন নির্বিকার।
গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বৈঠক
এবারের এপেক সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে নানা চাপের মুখে রয়েছে তার প্রশাসন। মাত্র দুই সপ্তাহ আগে মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তার রিপাবলিকান পার্টি। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টাও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে এ বছরের তৃতীয়বারের মতো শীর্ষ বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের।
এরপর চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে বৈশ্বিক নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। অন্যদিকে, ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প।
সব মিলিয়ে এপেক সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে ট্রাম্পের এই সফর কেবল অর্থনৈতিক সহযোগিতার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকছে না। শি জিনপিংয়ের ব্যক্তিগত অভ্যর্থনা, সামরিক প্রদর্শনী এবং সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্পর্কের নতুন সমীকরণ তৈরির দিকেও নজর রাখছে বিশ্ব।
Read this report in English · ইংরেজি সংস্করণ
