চৌগাছায় ৭০০ বছরের তেঁতুলগাছে ভাঙনের ক্ষত

প্রতিবেদন:

·

, , ,

চৌগাছা ( যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় প্রায় ৭০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী তেঁতুলগাছের বিশাল একটি ডাল ভেঙে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ডালটি ভেঙে পড়ে। এতে গাছটির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গাছটি উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মিয়া বাড়ির সামনে অবস্থিত। সেখানে পাশাপাশি চারটি প্রাচীন তেঁতুলগাছ রয়েছে। এর মধ্যে একটি গাছের বড় একটি ডাল ভেঙে পড়েছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় ভেঙে পড়া ডালটি সরিয়ে দিয়েছেন।

চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টার মধ্যে ডালটি সরিয়ে দেওয়া হয়। এটি একটি বাড়ির ওপর পড়লেও কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় প্রবীণদের ধারণা, চারটি তেঁতুলগাছের বয়স প্রায় ৭০০ বছর। গাছগুলোর বয়স নিয়ে এলাকায় নানা জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫০ বছর আগে ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিশেষজ্ঞ গাছগুলো পরীক্ষা করেছিলেন। কাঠের ভেতরে বিশেষ যন্ত্র প্রবেশ করিয়ে ও ছাল পরীক্ষা করে তিনি একটি গাছের বয়স ৬৩০ বছর বলে জানিয়েছিলেন। সেই হিসাবে বর্তমানে গাছটির বয়স প্রায় ৬৮০ বছর।প্রাচীন এই গাছগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ জগদীশপুর গ্রামে আসেন। স্থানীয়দের দাবি, গাছগুলো প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।

Read this report in English · ইংরেজি সংস্করণ