একের পর এক লোকসানের বোঝা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিনের যান্ত্রিক ত্রুটির চ্যালেঞ্জ পেরিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মাড়াই মৌসুমে পুরোনো কারখানার পরিবর্তে ১০২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক বিএমআরই কারখানায় আখ মাড়াই করা হবে।
লোকসানের লাগাম টানতে এবার আধুনিক পদ্ধতিতে আখ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং কঠোর ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত অর্থবছরে চিনিকলটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছিল ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। বিপুল এই লোকসানের বোঝা মাথায় নিয়েই নতুন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠে নেমেছেন মিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উৎপাদন লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের মাড়াই মৌসুমে পাঁচ হাজার ৮০২ একর জমির আখ মাড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেরুর নিজস্ব জমি এক হাজার ৬৩৮ একর এবং কৃষকদের জমি চার হাজার ১৬৪ একর। এসব জমি থেকে ৮০ হাজার টন আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা চার হাজার ৮০০ টন। মাড়াই মৌসুমের ব্যাপ্তি ৫৮ থেকে ৫৯ দিন। চিনির গড় আহরণ হার ৬ শতাংশ দৈনিক গড় মাড়াই লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫০০ টন।
বিশেষজ্ঞদের মতে, পুরো মৌসুম যান্ত্রিক ত্রুটিমুক্তভাবে পরিচালনা করা সম্ভব হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি লোকসানের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে আসবে। তবে পূর্বের মতো যান্ত্রিক ত্রুটির দেখা মিললে মাড়াইয়ের দিন বাড়ার পাশাপাশি চিনির আহরণ হার কমে যাওয়ার শঙ্কাও রয়েছে।
আখ রোপণ ও কৃষকদের উদ্বুদ্ধকরণ
চলতি রোপণ মৌসুমে ছয় হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রোপণ মৌসুম শুরু হয়েছে। এবার কেরুর নিজস্ব এক হাজার ৬২০ একর, কৃষকদের চার হাজার ৬৮০ একর এবং এসটিপি পদ্ধতির আওতায় ৫৪৩ একর জমি রোপের পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ে চাষিদের উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক ও বিশেষ সভার আয়োজন করা হচ্ছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ‘সরকার কৃষকদের স্বার্থে আখের মূল্য বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ধরনের ভর্তুকি প্রদান করছে। সবার আন্তরিকতা ও নিজ নিজ কর্মদক্ষতা কাজে লাগালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং বিগত বছরের তুলনায় লোকসান বহুগুণ কমিয়ে আনা সম্ভব।’
তিনি বলেন, ‘অধিক ফলন ও মুনাফা নিশ্চিত করতে চাষিদের কাস্তে বা হাসুয়ার পরিবর্তে কোদালের সাহায্যে মাটি ঘেঁষে গোড়া থেকে আখ কাটার আহ্বান জানানো হয়েছে। এই সরকারি সম্পদ রক্ষা পেলে যেমন স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন, সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
