২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে আগামী ২৩ নভেম্বর। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনরায় যাচাইয়ের আবেদন করেছেন।
রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিলো। রোববার ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদন গ্রহণের সময় শেষ হয়েছে। নির্ধারিত আট দিনে ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের আবেদনের বিপরীতে পুনঃনিরীক্ষা করতে হবে ১০ লাখ ৮৭ হাজারের বেশি খাতা।
এর আগে আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় একদিন বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরদিন থেকেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়।
তুলনামূলকভাবে গত দুই বছরের চেয়ে এবার পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা অনেক বেশি। ২০২৫ খ্রিষ্টাব্দে প্রায় ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
