প্রায় দুই বছরের ধারাবাহিক আন্দোলনের পর ইসরাইলের টেকনিয়ন ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে পরিচালিত ইইউ-অর্থায়িত ‘অ্যাস্টেরিক্স’ সবুজ হাইড্রোজেন গবেষণা প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব গলওয়ে। খবর মিডলইস্ট মনিটরের।
ইসরাইলের নিরাপত্তা বাহিনী ও সমরাস্ত্র শিল্পের সঙ্গে টেকনিয়নের ঘনিষ্ঠ সংযোগের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা জোট বেঁধে আন্দোলন চালিয়ে আসছিলেন। প্রতিকূল আবহাওয়ায় সাপ্তাহিক অবস্থান কর্মসূচি, সম্মানসূচক ডিগ্রি ও পুরস্কার প্রত্যাখ্যান এবং প্রেসিডেন্টের দপ্তরে বিক্ষোভের পর এই সিদ্ধান্ত এল।
প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ডেভিড বার্ন বলেন, এই পদক্ষেপ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের প্রতিষ্ঠানের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউরোপীয় কমিশন ও অংশীদারদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ইসরাইলি অংশীদারদের সঙ্গে আর নতুন কোনো গবেষণা চুক্তি করা হবে না। গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাস যেন সবার জন্য সম্মানজনক থাকে, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘ক্যাম্পাস অ্যান্টি-জেনোসাইড কোয়ালিশন’-এর মুখপাত্র দেইদ্রে কারান একে আন্দোলনকারীদের বড় স্বস্তি হিসেবে দেখলেও ফিলিস্তিনের প্রশ্নে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার দাবি জানিয়েছেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
