১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ গ্রেফতার ২

প্রতিবেদন:

·

, , , , ,

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে চোরাকারবারির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ চোরকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

আজ বুধবার (১১নভেম্বর) দুপুরে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল বুধবার ভোর পৌনে ৪টার দিকে জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনিমণ্ডল এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

উক্ত অভিযানে পদ্মাসেতু পাড় হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুইটি কাভার্ডভ্যান থেকে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি কাপড় ও ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের ২৪৮৭ পিস কাশ্মীরি শালসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় উক্ত ভারতীয় পণ্য চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান দুইটিও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন সাতক্ষীরা সদর এলাকার ঘোনা গ্রামের সাজ্জাদ হোসেন (২৮) ও একই জেলার কলারোয়া এলাকার নাজমুল হোসেন (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার আরো জানান, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে ভারতের বেনাপোল হতে চোরাকারবারির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি কাপড় ও কাশ্মীরি শালসহ বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ডভ্যানের মাধ্যমে এনে দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত ভারতীয় পণ্যসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি আরো জানিয়েছে, চোরাচালান একটি দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে এসআরবি-১০ সর্বদা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।