১০ বছরেও ফিরবে না হাসিনা : স্পিকার

প্রতিবেদন:

·

, , ,

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যে পরিবেশের কারণে কোনো সভ্য মানুষ নির্বাচনে আসত না। যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও তারা নির্বাচন করার সাহস পেত না। অর্থ, বিত্ত-বৈভব এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অযোগ্য, অসৎ ও সমাজের নিকৃষ্ট মানুষের দাপটের কারণে ভালো মানুষেরা নির্বাচন করতে পারতেন না।

বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া একান্ত জরুরি। বিগত ১৭ বছর মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। তাই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের এমন পদ্ধতি বেছে নেওয়া উচিত, যাতে সুষ্ঠু নির্বাচন ছাড়া বিকল্প কোনো কিছুর চিন্তা করার সুযোগ না থাকে।

ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশজুড়ে এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার অভাবে মানুষ কাজ করতে পারছে না। ভোলার মানুষ ভোলার গ্যাস ভোগ করবে—এটি তাদের ন্যায্য অধিকার। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ভোলার গ্যাস ভোলার উন্নয়নে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।

এ সময় জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ