দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে কিছুটা গতি বেড়েছে। মাঝখানে সংস্থাটির কাজ কিছুটা থমকে গেলেও নতুন কমিশন গঠনের পর অচলাবস্থা কেটেছে। অভিযোগের অনুসন্ধান ও ব্যাপকহারে তদন্ত শুরু করা, দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন, আদালতে হিসাব জব্দের আবেদন, সম্পদের হিসাব বিবরণী চাওয়া, নতুন মামলা গ্রহণ এবং চার্জশিট দাখিলের কাজে গতি ফিরেছে।
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গতিশীল হয় দুদক। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধান শেষে হাসিনাসহ ৯২ এমপির বিরুদ্ধে মামলা করে দুদক। এদের মধ্যে ৪২ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা পৃথক তিন মামলায় হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গত ৩ সেপ্টেম্বর হাসিনা, তার বোন শেখ রেহানা এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে আদালত।আরো ২১ হেভিওয়েটের মামলার বিচার ঝুলে আছে আদালতে। এদের মধ্যে রয়েছেন সাবেক আমলা ও একাধিক সেনা কর্মকর্তা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা করেছে কমিশন। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ডসংক্রান্ত তথ্য দুদককে পাঠিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠানো হয়েছিল। তদন্ত বা বিচারকাজে তথ্য, নথি কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়ার প্রক্রিয়াকে এমএলএআর বলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি মামলা হয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। এছাড়াও সাবেক মন্ত্রী, এমপি ও আমলাসহ ৫০ জনের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রেখেছে সংস্থাটি।
দুদক জানায়, দীর্ঘ সাড়ে পাঁচ মাস দুদক কমিশনহীন থাকার কারণে মামলা দায়ের ও অনুসন্ধান কার্যক্রমে ধীরগতি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাজে গতি বেড়েছে। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলের ঝুলন্ত অনুসন্ধানগুলো শেষ করার কাজে ব্যস্ত রয়েছেন কর্মকর্তারা। অনুসন্ধান শেষ হলেই দ্রুত মামলা করা হবে।
এ বিষয়ে দুদক কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, ‘আমরা তদন্ত অব্যাহত রেখেছি। নিয়মিত মামলা হচ্ছে।’
দুদক সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের জন্য দুদক চেয়ারম্যান হিসেবে আবদুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়। কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত ১৭ আগস্ট নতুন কমিশন গঠন করে। দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি এনবিআরের সাবেক কর কমিশনার এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। নতুন কমিশন গঠন হওয়ার পর অভিযোগের অনুসন্ধান, ব্যাপকহারে তদন্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন, আদালতে হিসাব জব্দের আবেদন, সম্পদের হিসাব বিবরণী চাওয়া, নতুন মামলা গ্রহণ ও চার্জশিট দাখিলের কাজের গতি কিছুটা বেড়েছে।
সূত্র জানায়, ৯২ এমপির বিরুদ্ধে মামলার এজাহারে তাদের বিরুদ্ধে বড় বড় প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আনা হয়েছে।
সুইজারল্যান্ডে টাকা পাচার, কানাডায় একাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা, শেয়ারবাজার থেকে টাকা হাতিয়ে নেওয়া, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করারও অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে।
যেসব সাবেক এমপির বিরুদ্ধে মামলা
হাসিনাসহ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুটি, শেখ হেলাল ও তার স্ত্রীর নামে দুটি, শেখ সেলিম ও তার স্ত্রী-সন্তানের নামে চারটি, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুটি, সালমান এফ রহমানের নামে ১৭টি, আনিসুল হকের বিরুদ্ধে একটি, আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী-ছেলের নামে তিনটি মামলা দায়ের করা হয়েছে, আদালতে যেগুলোর বিচার চলছে।
এছাড়া ডা. এইচবিএম ইকবাল, তাজুল ইসলাম, মির্জা আজম, রাশেদ খান মেনন, ড. হাছান মাহমুদ, ডা. এনামুর রহমান, ডা. রুহুল হক, আমির হোসেন আমু, সাবের হোসেন চৌধুরী, আকতারুজ্জামান বাবু, শওকত হাসানুর রহমান, র আ ম ওবায়দুল মোক্তাদির, শ ম রোজাউল করিম, শরীফ আহমেদ, আনোয়ারুল আশরাফ খান, ফাহমি গোলন্দাজ বাবেল, মাহবুবুর রহমান, আব্দুর রহমান, জাহিদ আহসান রাসেল, বেনজীর আহমেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আ ক ম বাহাউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, সোলায়মান হক জোয়ার্দার, গোলাম ফারুক প্রিন্স, শাহরিয়ার আলম, মাহবুব আলী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ওমর ফারুক চৌধুরী, মুজিবুল হক, সাইফুজ্জামান শিখর, আ ক ম মোজাম্মেল হক, জিল্লুল হাকিম, আব্দুস শহীদ, নিজাম হাজারী, খায়রুজ্জামান লিটন, খালিদ মাহমুদ চৌধুরী, আতিকুর রহমান আতিক, আবুল কালাম আজাদ, মেহের আফরোজ চুমকি, আবু সাঈদ, স্বপন ভট্টাচার্য, জান্নাত আরা হেনরী, ইকবালুর রহিম, শাহ আলম, নাইমুর রহমান দুর্জয়, মো. নুরুজ্জামান, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মৃণাল কান্তি দাস, আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম সুজন, আশেক উল্লাহ রফিক, আলী আজম মকুল, আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), টিপু মুন্সি, আব্দুস সোবহান গোলাপ, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব-উল আলম হানিফ, হাসানুল হক ইনু, নুরুন্নবী চৌধুরী শাওন, কাজী নাবিল আহমেদ, সাঈদ খোকন, জুনায়েদ আহমেদ পলক, নসরুল হামিদ বিপু ও শরীফ আহমেদের নামে দুদকের মামলা আদালতে বিচারাধীন।
এছাড়া শামসুল হক টুকু, আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), জাহিদ মালেক, ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, কামাল মজুমদার, ইলিয়াস মোল্লা, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, নুর-ই আলম চৌধুরী, শাজাহান খান, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম শিমুল, ধীরেন্দ্র নাথ শম্ভু, শাহ আলম তালুকদার, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ, মুনসুর আহমেদ, জাকির হোসেন ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে দুদক মামলা করেছে।
হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামে মামলা করেছে দুদক। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
আরো যেসব ভিআইপির নামে মামলা
হাসিনার আত্মীয় শেখ সালাহ উদ্দীন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, ফরিদুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুর রহমান আতিক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। এছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এসএম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
যেসব অভিযোগে মামলা
দুদক সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে হাসিনা ও রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য আসামি নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ২৮ আগস্ট মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন—সেতু বিভাগের সাবেক সচিব ও নির্বাহী পরিচালক (অব.) খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ এবং সাবেক পরিচালক ও যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
সূত্র জানায়, কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১,১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে গত ২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করে দুদক। সালমান এফ রহমান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে এসব মামলা করা হয়।
সূত্র জানায়, গত বছরের ১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ২৯ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নামে মামলা করে দুদক।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ১৩ হাজার অভিযোগের বিপরীতে মামলা ও চার্জশিটে প্রায় ৩,০০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান দুদকের আওতায় এসেছে। এর মধ্যে ২,৫৩৬টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। গত বছর ৫৯৪টি মামলা এবং ৪১৩টি মামলার চার্জশিট দাখিল করা হয়। ৪৩২ জনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় ৩০ হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।
