ইরানের পার্লামেন্টের স্পিকার ও সমঝোতা বিষয়ে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালির যে অবস্থা ছিল, সেই অবস্থা আর কখনো ফিরে আসবে না। বুধবার প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ বলেন, তেহরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
আট মাস ধরে চলা সংঘাতের অবসানে ওই প্রস্তাব দিয়েছে ইরান। তিনি বলেন, সেখানে কোনো ‘মুক্ত জলসীমা’ (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির অভ্যন্তরে বিধিবিধান এর দুই উপকূলীয় রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।
গালিবাফ বলেন, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সাতটি শর্তের বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছে তেহরান। এখন ইরান যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায়। তিনি বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের প্রধান আলোচকের তুলে ধরা শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ করা অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের অবসানের সুস্পষ্ট ঘোষণা।
গালিবাফ বলেন, এসব দাবি জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না করে কিংবা অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থেকে সম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পেঁৗঁছানো সম্ভব। তিনি আরও বলেন, চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।
গালিবাফ জানান, মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন।
আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তিনি রাজনৈতিক চাপের মুখে পড়বেন। গালিবাফ বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়- এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সামরিক সক্ষমতাসহ টেকসই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী এবং হুতি নামে পরিচিত গোষ্ঠী আনসার আল্লাহর (আরবি অর্থ ‘আল্লাহর সাহায্যকারী’) মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।
তিনি বলেন, ইয়েমেনের সরকার এবং সৌদি আরব- উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব। এর আগে অক্টোবরে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে আলোচনার উদ্যোগে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান। সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার পর তেহরান এ প্রস্তাব দেয়। হামলাগুলোর মধ্যে সৌদি রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলার ঘটনাও ছিল।
Read this report in English · ইংরেজি সংস্করণ
